Dhaka Mail Logo

বিনোদন

ক্যানসার কেড়ে নিল পরিচালকের প্রাণ

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের বরেণ্য পরিচালক, প্রযোজক ও অভিনেতা প্রবীর রায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কলকাতার একটি  হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। 

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন প্রবীর। বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ইইডিএফ নার্সিংহোমে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল তাঁকে। পরবর্তীতে তার কিছুটা শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল। তবে বৃহস্পতিবার ভোরে হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। 

ভারতীয় গণমাধ্যমকে পরিচালকের ছেলে বলেন, ‘বাবা ক্যানসারে ভুগছিলেন। স্টেজ ফোর ছিল। গতকাল থেকে দুর্বল হয়ে যান। এরপরই ইইডিএফ নার্সিংহোমে নিয়ে আসি। আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসায় শরীর আগের থেকে ভালো হচ্ছিল। কিন্তু আজ ভোরবেলায় হঠাৎ একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। বাবা সেটার সঙ্গে যুদ্ধ করতে পারলেন না। ভোর আনুমানিক সাড়ে ৫টা নাগাদ আমরা বাবাকে হারালাম।’

১৯৪৮ সালের ৩১ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন প্রবীর রায়। অভিনয় ও পরিচালনার পাশাপাশি ভারতের টেলিভিশন সম্প্রচারের ইতিহাসেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। একসময় জাতীয় পর্যায়ের সাঁতারু হিসেবেও পরিচিতি ছিল তাঁর।

পরিচালক হিসেবে ‘কাল মধুমাস’ চলচ্চিত্রের পাশাপাশি ‘গৃহদাহ’ ও ‘বিচিত্র তদন্ত’-এর মতো জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিনোদন অঙ্গনে কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন প্রমথেশ বড়ুয়া ও উত্তম কুমার পুরস্কার। ২০০৩ সালে কলকাতার শেরিফ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 

ইএইচ/