বিনোদন ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম
‘এ ফ্যান্টাস্টিক ওম্যান’ চলচ্চিত্রের জন্য অস্কারজয়ী চিলির পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক সেবাস্টিয়ান লেলিও আর নেই। দেশটির সান্তিয়াগোর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
চিলির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সেবাস্টিয়ানের বান্ধবী ও অভিনেত্রী আমালিয়া কাসাই তাঁকে প্রথম মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে কাসাই ও লেলিওর পরিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, শারীরিক জটিলতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।
লেলিওর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্বজনেরা সামাজিক মাধ্যমে একটি যৌথ বিবৃতিতে লেখেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, শারীরিক জটিলতাজনিত কারণে চিলির চলচ্চিত্র নির্মাতা সেবাস্টিয়ান লেলিও মারা গেছেন। আমরা গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছি। তাঁর স্মৃতি চিরকাল আমাদের মাঝে অম্লান হয়ে থাকবে। তিনি একজন ভালো মানুষ ছিলেন, পাশাপাশি চিলির সংস্কৃতিতে অপরিসীম অবদান রেখেছেন। এই কঠিন সময়ে আমরা পরিবারের পক্ষ থেকে সকলের কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।’
লেলিওর প্রয়াণে শোক প্রকাশ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর। তিনি লেখেন, ‘সেবাস্টিয়ান লেলিওর সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়, তখন দুজনে মিলে একটি সিনেমা করার সিদ্ধান্ত নিই। সেই স্মরণীয় মুহূর্তটি ধরে রাখতে আমরা একটি পোলারয়েড ছবিও তুলেছিলাম। তিনি বলেছিলেন, যদি আমি অভিনয় করি তাহলে তিনি ছবিটি পরিচালনা করবেন। আমি বলেছিলাম, তিনি পরিচালনা করলে এতে অভিনয় করব। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা একটি স্মৃতি।’
তিনি যোগ করেন, ‘একজন নিখুঁত চলচ্চিত্র নির্মাতা হিসেবে দৈনন্দিন জীবনের ছোট ছোট বিবরণগুলো অসাধারণভাবে ক্যামেরাবন্দি করতে পারতেন। তাঁর চোখ থেকে কোনো কিছুই এড়িয়ে যেত না। আমি আশা করি তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর মানুষ তাঁর চিন্তাভাবনাকে কতটা ভালোবাসত এবং তাঁর সিনেমার চরিত্রগুলোর মাঝে আমরা কীভাবে নিজেদের খুঁজে পেতাম। আমরা সত্যি একজন অসাধারণ মানুষকে হারিয়েছি।’
তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ২০১৭ সালে লেলিও পরিচালিত ‘এ ফ্যান্টাস্টিক ওম্যান’ প্রথম চিলিয়ান চলচ্চিত্র হিসেবে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার পায়।
ইএইচ/