Dhaka Mail Logo

শিক্ষা

পাঁচ বছরে সব বিষয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ চালুর লক্ষ্য ইউজিসির

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তুলতে আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরিমার্জন ও গবেষণায় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করার আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজিত ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও গবেষণার সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার যথেষ্ট সমন্বয় নেই। ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করলেও চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বের হতে পারছেন না। এ পরিস্থিতি পরিবর্তনে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।’

তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্সসহ প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে। এজন্য পাঠ্যক্রম প্রণয়ন ও পরিমার্জনের সময় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতামত নেওয়া প্রয়োজন।’

UGC_Chairman_Professor_Dr_Mamun_Ahmed_1

শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিদের বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে আমন্ত্রণ জানিয়ে তাদের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরামর্শ দেন অধ্যাপক মামুন আহমেদ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিল্পকারখানা পরিদর্শনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন তিনি। এতে শিক্ষকরা শিল্পপ্রতিষ্ঠানের কাজের ধরন ও বাস্তব সমস্যাগুলো সম্পর্কে জানতে পারবেন বলে মনে করেন তিনি।

দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সম্পৃক্ত করার আহ্বান জানান ইউজিসি চেয়ারম্যান।

তিনি বলেন, ওষুধ, বস্ত্র ও টেলিযোগাযোগ খাতের অনেক প্রতিষ্ঠান এখনো সফটওয়্যার, প্রযুক্তি ও যন্ত্রপাতির জন্য বিদেশের ওপর নির্ভরশীল। উৎপাদন কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দিলেও বিদেশি প্রতিষ্ঠানের সহায়তা নিতে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের জন্য মাইক্রোপিপেটের টিপসের মতো ছোট সামগ্রীও আমদানি করতে হচ্ছে।

এসব সমস্যা সমাধানে দেশীয় গবেষকদের সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো নিজেদের সমস্যা চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সঙ্গে যৌথভাবে গবেষণা প্রস্তাব তৈরি করতে পারে। এসব প্রস্তাব ইউজিসিতে জমা দেওয়া হলে কমিশন অর্থায়নের ব্যবস্থা করবে। গবেষণার মূল অগ্রাধিকার হওয়া উচিত শিল্পপ্রতিষ্ঠান ও দেশের বাস্তব সমস্যার সমাধান।

গবেষণার ক্ষেত্র শুধু বিজ্ঞান ও প্রযুক্তিতে সীমাবদ্ধ না রেখে কৃষি, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ওষুধ ও রাসায়নিক শিল্প এবং পর্যটন খাতেও যৌথ গবেষণার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সফট স্কিল ও ইন্টার্নশিপের সুযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান। তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান, খান বাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং গোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

এমএইচ/এএম