বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ ইউজিসির, কী ভাবছে বিশ্ববিদ্যালয়গুলো?

মাহফুজ উল্লাহ হিমু
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

শেয়ার করুন:

ভর্তি পরীক্ষা পেছানোর অনুরোধ ইউজিসির, কী ভাবছে বিশ্ববিদ্যালয়গুলো?

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পিছিয়ে আগামী ফেব্রুয়ারি থেকে আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা বিশ্ববিদ্যালয়গুলোকেও সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।

তবে ইউজিসির এই অনুরোধে এখনও সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় আগের সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও পূর্বঘোষিত সময়সূচি বহাল রেখে ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার (১১ নভেম্বর) বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় দুটি।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজিসির প্রস্তাব এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিবেচনায় নিয়ে পরবর্তী ভর্তি কমিটির সভায় বিষয়টি আলোচনা হতে পারে। অন্যদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও এখন পর্যন্ত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি।

শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় আগামী জানুয়ারি থেকে ভর্তির আবেদন এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে ইউজিসি। তবে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকায় এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি।

ভর্তি পরীক্ষা পেছাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউজিসির অনুরোধেও অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউজিসির অনুরোধের পরও ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আবেদনসহ অন্যান্য কার্যক্রমও নির্ধারিত সময়েই চলবে।

৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

তিনি বলেন, আমাদের নির্ধারিত সময়েই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আবেদন থেকে শুরু করে সব কার্যক্রম পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে।

চবির ভর্তি পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বুধবার

ইউজিসির প্রস্তাবের পর ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান ঢাকা মেইলকে বলেন, এখনও আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি। বুধবার ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ নভেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

ইউনিটভিত্তিক সময়সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি-১’ উপ-ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ উপ-ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

গৌরবের ৭৩ বছর পেরিয়ে নতুন স্বপ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়েও জরুরি বৈঠক

ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার (১১ নভেম্বর) জরুরি বৈঠক ডেকেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ঢাকা মেইলকে বলেন, ইউজিসির সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বুধবার সকাল ১১টায় ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে বিষয়টি নির্ধারণ করা হবে।

এদিকে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত না হলেও আবেদনের সময় তিন দিন পিছিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবার ভর্তির আবেদনের যোগ্যতাও শিথিল করেছে বিশ্ববিদ্যালয়টি। মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে। গত বছর মোট জিপিএর শর্ত ছিল ৭.০০।

অন্যদিকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। গত বছর মোট জিপিএর শর্ত ছিল ৮.০০।

জাবিতে রাত ১০টার পর অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

অন্যদের অবস্থান দেখছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউজিসির প্রস্তাব এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে পরবর্তী ভর্তি কমিটির সভায় বিষয়টি আলোচনা হতে পারে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম ঢাকা মেইলকে বলেন, এ বিষয়ে এখনও নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। ভর্তি পরীক্ষা আগের নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। নতুন সিদ্ধান্ত হলে জানানো হবে।

তিনি আরও বলেন, ইউজিসি একটি প্রস্তাব দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও কি করছে, তা আমরা দেখছি। সবকিছু সমন্বয় করে কি করা হবে, তা নিয়ে এখনও আলোচনা হয়নি। পরবর্তী কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হতে পারে। তবে আমরা ভর্তি সংক্রান্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ জানুয়ারি শুরু হয়ে ২১ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

বুয়েট ১৯ জন শিক্ষক নেবে

বুয়েট ও জগন্নাথেও জানুয়ারিতে পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও ইতোমধ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। দুটি বিশ্ববিদ্যালয়েই জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের কথা রয়েছে।

বুয়েটের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর অনলাইনে আবেদন শুরু হবে। স্নাতক প্রথম বর্ষের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের ১৬ জানুয়ারি।

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ১ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

ইউজিসির অনুরোধের পর এই দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনেরও কোনো নতুন সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

পাঁচ বছরে ৩ হাজার শিক্ষককে পিএইচডি অর্জনে সহায়তা দেবে ইউজিসি

যে কারণে পরীক্ষা পেছাতে চায় ইউজিসি

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর উদ্যোগের পেছনে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী পাস করলেও এবার পাস করেছেন ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন হওয়ায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি।

তিনি জানান, এসব শিক্ষার্থীর জন্য উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্যই ভর্তি কার্যক্রম কিছুটা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলেও জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।

অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি শুধু সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে।

(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ঢাকা মেইলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আশিকুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেদোয়ান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান জিসান)

এমএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর