মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

শিক্ষার্থীদের এআই শেখাতে সাড়ে ৭ হাজার কোটি টাকার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীদের এআই শেখাতে সাড়ে ৭ হাজার কোটি টাকার পরিকল্পনা
প্রতীকী ছবি। এআই

শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। 

এ প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা। পাশাপাশি ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে এআই শিক্ষার বিষয়বস্তু যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করেছে। এ যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সরকার আইসিটি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি ও এআই শিক্ষার বিষয়বস্তু যুক্ত করা হবে।

শ্রেণিভিত্তিক পাঠ্যবিষয়ের বিষয়ে মন্ত্রী জানান, ষষ্ঠ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবটিক্স রাখা হয়েছে। সপ্তম শ্রেণিতে থাকবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ।

অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিংয়ের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। নবম ও দশম শ্রেণিতে থাকবে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক প্রয়োগের বিষয় যুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআই ব্যবহার শেখালেই হবে না, এআইয়ের দেওয়া তথ্য কীভাবে যাচাই ও বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের শেখাতে হবে। সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমে তথ্য যাচাই ও ডিপফেক-সংক্রান্ত বিষয় যুক্ত করার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং ও অনলাইন নিরাপত্তা শেখানো প্রয়োজন।

পাঁচ হাজার প্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনা

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে প্রায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী। এসব ল্যাবে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে। এ প্রকল্পে প্রাক্কলিত ব্যয় সাড়ে সাত হাজার কোটি টাকা বলে জানান তিনি।

এছাড়া নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রযুক্তি ল্যাব, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষক প্রশিক্ষণ এবং নতুন শ্রেণিকক্ষ নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

শিক্ষামন্ত্রী জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইকে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। ২০২৬ সালের এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষা। সেখানে এআইয়ের অপব্যবহার রোধ এবং শিক্ষায় এর দায়িত্বশীল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

পুরনো ডিজিটাল ল্যাবের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রশ্নের জবাবে বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। শিক্ষামন্ত্রীকে নিজ নির্বাচনি এলাকায় গিয়ে এসব ল্যাবের কার্যকারিতা যাচাই করার আহ্বান জানান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার আইসিটি শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে এ খাতে বাজেটে বরাদ্দ রেখেছে। সংসদ সদস্য যে প্রত্যাশা করছেন, সে অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।

এমএইচএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর