নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম
দেশের শিক্ষার্থীদের নিয়মিত বইপড়ার অভ্যাস গড়ে তুলতে ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বইপড়া কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এ কার্যক্রম বাস্তবায়নে নির্বাচিত বিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিটি দেশের সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বইপড়ার অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়া কর্মসূচির পাইলট কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলা থেকে মোট ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। নির্বাচিত এসব বিদ্যালয়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন দিয়েছে।
আরও পড়ুন
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল
নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের ২৪৬১ শিক্ষক প্রার্থী
বিক্ষোভের মধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসির দায়িত্ব গ্রহণ
পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত বিদ্যালয়গুলোতে বইপড়া কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশ্বসাহিত্য কেন্দ্রকে প্রয়োজনীয় সহযোগিতা করতে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ ছাড়া বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠির অনুলিপি বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত ৫১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালিকাও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এ কর্মসূচির প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত সূত্র হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ সেপ্টেম্বরের একটি চিঠির উল্লেখ করা হয়েছে।
এম/এফএ