সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম

শেয়ার করুন:

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। একইসঙ্গে ফল প্রকাশ, নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী নিশ্চায়ন বাতিল না করা এবং ভর্তি সম্পন্ন না করায় কিছু জটিলতা তৈরি হয়েছে। এসব সমস্যা সমাধানে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ভর্তি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। কলেজের আসনসংখ্যা বিবেচনায় নিয়ে পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখা যাবে।

দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবেন যারা আগে আবেদন করেননি কিংবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি। এ ছাড়া যারা চূড়ান্ত মনোনয়ন পেয়েও কোনো কারণে নিশ্চায়ন করতে পারেননি বা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি, তারাও আবেদন করতে পারবেন। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করার সুযোগ পাবেন।

সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল ৯ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা প্রয়োজন অনুযায়ী তা সংশোধন করতে হবে।

তবে দ্বিতীয় ধাপে আবেদন করার সময় কোটার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজেদের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে নির্বাচিত কলেজে ভর্তির সব প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর