সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

এসএসসির ফল পুনঃনিরীক্ষণে নম্বর বদলেছে ৫৬ হাজার শিক্ষার্থীর
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন চার লাখ দুই হাজার ৫২ পরীক্ষার্থী। তাদের আবেদনের পর তত্ত্বীয় ও ব্যবহারিক মিলিয়ে প্রায় ১৩ লাখ উত্তরপত্র যাচাই করা হয়। এতে ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। 

এ ছাড়া গ্রেড বদলেছে ২৭ হাজার ৮৩৬ জনের। আর প্রথম দফার ফলে ফেল করলেও পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নে পাস করেছেন চার হাজার ৫৮৫ শিক্ষার্থী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ততথ্য অনুযায়ী , এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। ফল প্রকাশের পর তাদের মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেন। সেই হিসাবে মোট পরীক্ষার্থীর প্রায় ২২ শতাংশই ফল পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন।

একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের জন্য আবেদন করার সুযোগ থাকায় পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আওতায় আসা উত্তরপত্রের সংখ্যা ছিল মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। এর মধ্যে তত্ত্বীয় উত্তরপত্র ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক উত্তরপত্র ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়ন শেষে ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে। এর প্রভাবে গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অনুত্তীর্ণ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে। প্রথম ফলে ফেল করা ৪ হাজার ৫৮৫ জন পরে পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ শিক্ষার্থী।

এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় অংশ নেওয়া ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জনের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল ফলে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। 

পরে পুনঃনিরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয় ১০ সেপ্টেম্বর। নতুন করে ৩ হাজার ৭৯ জন যুক্ত হওয়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৭৫৫ জনে।

এমএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর