Dhaka Mail Logo

অর্থনীতি

অফশোর বিডিংয়ের সময় চার মাস বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম

আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর (আইওসি) আগ্রহ বাড়াতে বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এ দরপত্র জমা দেওয়ার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার।

একই সঙ্গে আগ্রহী কোম্পানিগুলোর জন্য বিডিং রাউন্ডের তথ্যসংবলিত ডাটা প্যাকেজ সহজলভ্য করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ নভেম্বরের পরিবর্তে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অফশোর বিডিং রাউন্ড ২০২৬ নিয়ে বিশ্বের বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক তেল কোম্পানির সঙ্গে সাম্প্রতিক আলোচনার পরিপ্রেক্ষিতে এবং তাদের অনুরোধে ডাটা সেলস প্যাকেজ সহজলভ্য করা হয়েছে। পাশাপাশি দরপত্র জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে।

সরকার আশা করছে, সময়সীমা বৃদ্ধি ও ডাটা প্যাকেজ সহজলভ্য করার ফলে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর মধ্যে এই বিডিং রাউন্ডে অংশগ্রহণের আগ্রহ বাড়বে।

বাংলাদেশের সমুদ্রাঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে অফশোর বিডিং রাউন্ডটি গুরুত্বপূর্ণ। নতুন সময়সীমার ফলে আগ্রহী কোম্পানিগুলো তথ্য পর্যালোচনা ও দরপত্র প্রস্তুতের জন্য আরও সময় পাবে।

এমআর/এএম