Dhaka Mail Logo

সারাদেশ

মোংলা-ঘাষিয়াখালীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন পরিবেশ প্রতিমন্ত্রীর

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দেড় মাস আগে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙন পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের প্রেক্ষিতে ভাঙনকবলিত বাগেরহাটের রামপালের রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ ভাঙন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের বাগেরহাটের রামপাল অংশের রমজাইপুর এলাকার ভাঙন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখানে স্টাডি করে কাজ করতে হবে। কারণ এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙে পড়ছে। এখানকার ভাঙনটা সোজা/খাড়া, ফলে এ ভাঙন প্রতিরোধ করা সহজ না। নদীর বাঁকগুলো কীভাবে ঠিক/সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙন অব্যাহত রয়েছে। এ ভাঙন রোধেই সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই পরিদর্শন।

SM2

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে, তাদেরকে নিয়ে ভাঙন রোধে একটা যৌক্তিক সমাধানে যেতে হবে। যেন এই জনপদের মানুষগুলো ভাঙনের ক্ষতি থেকে অচিরেই মুক্তি পায়। কারণ তাদের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে। দিনশেষে এই মানুষগুলো বেকার হচ্ছে। তারা জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। ভাঙন রোধে তাদের পাশে দাঁড়ানো, সরকারকে এটা জানানো এবং তাদেরকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে তারপর আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করব।

SM1

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুময়ায়ন কবির ও বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী ওই এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ভাঙনের মুখে থাকা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন, তাদের কথা শোনেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

প্রতিনিধি/এফএ