রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত

মোরেলগঞ্জ-শরণখোলার বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ফাটল

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

শেয়ার করুন:

মোরেলগঞ্জ-শরণখোলার বিভিন্ন স্থানের বেড়িবাঁধ ফাটল

আজ ১৫ নভেম্বর। ভয়াল ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে গিয়েছিল সুন্দরবনসংলগ্ন দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ। মুহূর্তেই বদলে গিয়েছিল বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার অসংখ্য পরিবারের জীবনচিত্র। স্বজন হারানোর আহাজারি, বিধ্বস্ত বসতভিটা, উপড়ে পড়া গাছপালা আর জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া জনপদের সেই ভয়াল স্মৃতি আজও তাড়া করে ফেরে উপকূলের মানুষকে।

১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের ক্ষত পুরোপুরি শুকায়নি। বরং নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে বলেশ্বর নদের অব্যাহত ভাঙন এবং বিভিন্ন স্থানে বেড়িবাঁধের ফাটল ও ধস। যে বেড়িবাঁধ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন সিডরে সর্বস্ব হারানো মানুষ, সেই বাঁধেরই বিভিন্ন অংশ এখন ঝুঁকির মুখে। ফলে প্রতিবছর ১৫ নভেম্বর এলেই স্মৃতির পাশাপাশি নতুন করে জেগে ওঠে অনিশ্চয়তা—আবারও কি কোনো জলোচ্ছ্বাসে ভেসে যাবে তাদের ঘরবাড়ি, ফসলের মাঠ ও শেষ আশ্রয়টুকু?

bager_1

২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানে সুপার সাইক্লোন সিডর। কোথাও কোথাও ১৫ থেকে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় জনপদকে তছনছ করে দেয়। বিশেষ করে শরণখোলার সাউথখালী ইউনিয়ন এবং মোরেলগঞ্জের বলেশ্বর নদসংলগ্ন এলাকাগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। ভেঙে যায় ৩৫/১ পোল্ডারের দীর্ঘ বেড়িবাঁধ। পানির তোড়ে ভেসে যায় ঘরবাড়ি, গবাদিপশু, ফসলের জমি ও মাছের ঘের। প্রাণ হারান অসংখ্য মানুষ।

সরকারি হিসাব অনুযায়ী সিডরে বাগেরহাট জেলায় ৯০৮ জনের প্রাণহানি ঘটে। শরণখোলার বিভিন্ন গ্রামেই প্রাণ হারান শত শত মানুষ। বহু পরিবার হারায় একাধিক সদস্যকে। কারও ঘর থেকে একসঙ্গে উদ্ধার করা হয় পরিবারের একাধিক সদস্যের মরদেহ। স্বজন হারানো মানুষের কাছে ১৫ নভেম্বর তাই কেবল একটি তারিখ নয়; এটি শোক, বেদনা ও হারিয়ে যাওয়া জীবনের এক নির্মম স্মারক।

স্বজন হারানোর বেদনা আজও তাড়া করে:

শরণখোলার সাউথখালী ইউনিয়নের গাবতলা, বগি, দক্ষিণ সাউথখালী ও আশপাশের গ্রামগুলোতে সিডরের ক্ষত আজও দৃশ্যমান। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নতুন করে বসতি গড়েছে। কেউ হারিয়েছেন বাবা-মা, কেউ সন্তান, পরিবারের ৯জনকে হারিয়ে বেচে আছেন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মোস্তফা মোল্লা। সবাইকে হারিয়ে জীবিকার তাগিদে তিনি ছেড়েছেন জন্মভিটা।

৭০ বছরের স্থানীয় বাসিন্দা আলকাজ আলী বলেন,সিডরের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো। নভেম্বর এলেই সেই রাতের কথা মনে পড়ে। বাতাসের শব্দ, নদীর পানি বাড়ার দৃশ্য কিংবা আবহাওয়ার সতর্কবার্তা—সবকিছুতেই ফিরে আসে আতঙ্ক।

bager_2

টেকসই বেড়িবাঁধের স্বপ্ন, বাস্তবে নতুন ঝুঁকি:

সিডরের পর উপকূলবাসীর প্রধান দাবি ছিল বলেশ্বর নদসংলগ্ন এলাকায় একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণ। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি) আওতায় মোরেলগঞ্জ-শরণখোলা এলাকায় প্রায় ৬২ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। প্রকল্পটির ব্যয় ছিল প্রায় ২৪২ কোটি টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হয়।

কিন্তু নির্মাণের পর থেকেই বিভিন্ন স্থানে বাঁধের মাটি ধসে যাওয়া, ফাটল, গর্ত সৃষ্টি এবং সিসি ব্লক নদীতে পড়ে যাওয়ার ঘটনা সামনে আসে। বিশেষ করে বগি, গাবতলা, দক্ষিণ খালিল, আমতলা ও ফাসিয়াতলা এলাকায় ভাঙন ও বাঁধের দুর্বলতা নিয়ে স্থানীয়দের উদ্বেগ বেড়েছে।

রায়েন্দা থেকে বগি পর্যন্ত বাঁধের বিভিন্ন স্থানে দুই শতাধিক গর্ত সৃষ্টির হয়েছে। অন্যদিকে শরণখোলা ও মোরেলগঞ্জের অন্তত ২৫ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

চলতি বছরও পরিস্থিতি পুরোপুরি স্বস্তিদায়ক নয়। সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল আলম লিটন অভিযোগ করে বলেন, বলেশ্বর নদের তীব্র স্রোত ও নদীভাঙন প্রতিরোধে কার্যকর নদীশাসন না থাকায় বাঁধের গোড়ার মাটি সরে যাচ্ছে। কোথাও কোথাও সিসি ব্লক ধসে পড়ছে। ফলে বাঁধের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

চলছে জরুরি প্রতিরোধের কাজ:

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান, বলেশ্বর নদের ভাঙন ঠেকাতে শরণখোলার গাবতলা ও মোরেলগঞ্জের ফাসিয়াতলা এলাকায় জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলার কাজ চলছে। ৩৫/১ পোল্ডারের আওতায় মোট ৮৭৫ মিটার নদীতীর সংরক্ষণের কাজ চলমান রয়েছে।

তিনি জানান, নদীভাঙনের ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য সমীক্ষা প্রতিবেদন ও প্রকল্প প্রস্তাবের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে স্থানীয় বাসিন্দা সেকান্দার মিয়া বলেন, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও ব্লক ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও দীর্ঘমেয়াদি সমাধান কোথায়? নদীর গতিপথ ও স্রোতের গতিবেগ বিবেচনায় নিয়ে সমন্বিত নদীশাসন এবং টেকসই বাঁধ নির্মাণ না হলে আবারও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাবে।

bager_3

শুধু বাঁধ নয়, জীবিকা ও নিরাপত্তার নিশ্চয়তাও চান মানুষ:

সিডরের পর অনেক পরিবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। কিন্তু নদীভাঙন, লবণাক্ততা, কৃষিজমির উর্বরতা হ্রাস, মাছের ঘের ও পুকুরের ক্ষতি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তাদের জীবনকে এখনো কঠিন করে রেখেছে। বলেশ্বরের তীরবর্তী মানুষের কাছে নদী একদিকে জীবিকার উৎস, অন্যদিকে সর্বনাশের আতঙ্ক।

মৎস্যজীবী, কৃষক ও দিনমজুরদের জীবনে দুর্যোগের প্রভাব দীর্ঘস্থায়ী। একবার বসতভিটা নদীতে বিলীন হলে নতুন করে ঘর তোলার সামর্থ্য অনেকেরই থাকে না। ফলে নদীভাঙন শুধু জমি বা ঘর হারানোর ঘটনা নয়; এটি দারিদ্র্য, বাস্তুচ্যুতি ও জীবিকার সংকটকে আরও বাড়িয়ে দেয়।

১৯ বছর পরও একই দাবি:

সিডরের ১৯ বছর পূর্তিতে মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষের প্রত্যাশা—শুধু স্মরণসভা, আলোচনা কিংবা আশ্বাস নয়, কার্যকর উন্নয়ন উদ্যোগ। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ বাঁধের অংশগুলো দ্রুত সংস্কার, প্রয়োজনীয় স্থানে নদীশাসন, আধুনিক ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র এবং দুর্যোগকালীন যোগাযোগ ও উদ্ধারব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মোরেলগঞ্জে নিরাপদ পানি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করা “ডরপের প্রকল্প ব্যবস্থাপক নুরেফা আরজু” বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। কেবল বাঁধ নির্মাণ নয়, নদীর গতিপ্রকৃতি, স্থানীয় ভূ-প্রকৃতি, পানিপ্রবাহ ও পরিবেশ বিবেচনায় নিয়ে সমন্বিত উপকূলীয় ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

আজ ১৫ নভেম্বর। ১৯ বছর আগে এই দিনে সিডর কেড়ে নিয়েছিল হাজারো মানুষের জীবন, কেড়ে নিয়েছিল অসংখ্য পরিবারের স্বপ্ন। সেই ক্ষত বুকে নিয়েই আজও বেঁচে আছেন মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষ। তাদের কাছে সিডর দিবস কেবল অতীতের শোক স্মরণের দিন নয়; এটি নিরাপদে বেঁচে থাকার অধিকার আদায়েরও দিন।

তাই উপকূলবাসীর একটাই প্রশ্ন—আর কত প্রাণহানি, আর কত বসতভিটা বিলীন হলে মিলবে একটি সত্যিকারের টেকসই বেড়িবাঁধ?##

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর