নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় জড়িয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করেছে।
দুপুর ২ টা ১৫ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বাদলকে প্রিজনভ্যানে করে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়।
বাগেরহাট কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে পুলিশি নিরাপত্তায় তাকে নিজ বাড়িতে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
হত্যা মামলায় দণ্ডিত কারাবন্দি বাদল বাগেরহাটের মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, চার সপ্তাহের প্যারোলে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তাকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে বাদল ফরাজীর প্যারোলে মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ জানানো হয়। পরে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে তার মুক্তির সিদ্ধান্ত কার্যকর করা হয়।
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নির্মলা মাদান (৭১) নামের এক নারী খুন হন। ওই হত্যাকাণ্ডে ভারতীয় পুলিশ ‘বাদল সিং’ নামে এক ব্যক্তিকে খুঁজছিলেন। তিনি ছিলেন নিহত নারীর গৃহকর্মী।
হত্যাকাণ্ডের দুই মাস সাত দিন পর ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় ভারতে যান বাংলাদেশের বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যেই তিনি ভারতে গিয়েছিলেন। কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে আটক করে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেফতার করে।
তখন বাদল ফরাজী ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় নিজের পরিচয় যথাযথভাবে তুলে ধরতে পারেননি বলে দাবি পরিবারের। পরবর্তী সময়ে তার পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হলেও মুক্তি মেলেনি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দি ছিলেন বাদল ফরাজী। সেখানে বন্দি অবস্থায় তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন। পরে ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০১৮ সালের ৬ জুলাই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
দেশে ফেরার পর প্রথমে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে স্থানান্তর করা হয় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে। তবে দেশে ফিরেও মুক্তি মেলেনি তার। দীর্ঘদিন ধরে পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মীরা তার মুক্তির জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে প্রায় ১৮ বছরের কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী।
প্রতিনিধি/এলএ




