মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

পুণ্যস্নানের মধ্য দিয়ে দুবলারচরে শেষ হলো রাস উৎসব

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

শেয়ার করুন:

পুণ্যস্নানের মধ্য দিয়ে দুবলারচরে শেষ হলো রাস উৎসব

বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নান, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আলোরকোল সমুদ্রসৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে। দেশ-বিদেশ থেকে আসা হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত এ ধর্মীয় আয়োজনে অংশ নেন।

দুবলার চরের আলোরকোল সৈকতের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে পুণ্যার্থীদের সমাগম ঘটে। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে সমুদ্র উপকূল। মোমবাতি ও ধূপ জ্বালিয়ে মন্ত্রপাঠের মাধ্যমে প্রার্থনা করেন ভক্তরা। পরে প্রসাদ বিতরণ শেষে সূর্যোদয়ের সময় সাগরের জলে পুণ্যস্নান করেন তারা। এ সময় অনেকে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ স্নানের মাধ্যমে পাপ মোচন ও পুণ্যলাভ হয়।

আয়োজনে এবারও নারী ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। পূজা ও স্নানের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সকাল থেকেই ট্রলার ও জালিবোটে করে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেন পুণ্যার্থীরা।

সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, রাস উৎসব উপলক্ষ্যে তিন দিনের জন্য দুবলার চরে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল, মঙ্গলবার। সন্ধ্যার মধ্যে সব পুণ্যার্থীকে চর ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর কেউ অবস্থান করলে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, এবারের রাস পূজা ও পুণ্যস্নানে অংশ নিতে বাগেরহাট ও খুলনা জেলা থেকে মোট ৪২৬টি ট্রলারের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বাগেরহাটের ৪০৯টি ট্রলারে ৮ হাজার ৭০৬ জন এবং খুলনার ১৭টি ট্রলারে ৪০৫ জন পুণ্যার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বিকেলে আলোরকোলে শুরু হয় শতবর্ষের ঐতিহ্যবাহী এ ধর্মীয় উৎসব। বিকেল ৫টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হয় দুবলার চরের রাশ মন্দির। রাত ১১টার পর শুরু হয় রাস পূর্ণিমার মূল পূজা। রাধাকৃষ্ণের আরাধনা, নামকীর্তন, আরতি এবং মতুয়া সম্প্রদায়ের ঢাক-নৃত্যে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাতভর পূজা-অর্চনা শেষে ভোরের জোয়ারের অপেক্ষায় সমুদ্রতীরে জড়ো হন ভক্তরা।

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ২০২১ সাল থেকে রাস উৎসবকে কেন্দ্র করে বাণিজ্য, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রেখেছে বন বিভাগ। এবারও পরিবেশ সংরক্ষণে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। নির্ধারিত পাঁচটি জলপথ ব্যবহার করে কেবল সনাতন ধর্মাবলম্বীদের চরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ রোধে বন বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

জনশ্রুতি আছে প্রায় ২০০ বছর আগে সাধু হরিভজনের উদ্যোগে শুরু হওয়া এ উৎসব প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়ে আসছে। যা এখন সুন্দরবনের দুবলার চরের আলোর কোলে রাস উৎসব নামে পরিচিত।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর