জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খাল থেকে জালে পেঁচানো অবস্থায় প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য জাকির হোসেন (টাইগার জাকির) এই অজগর উদ্ধার করেন।
টাইগার জাকির জানান, সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম তাকে খালে জালে পেঁচানো অবস্থায় একটি অজগর দেখতে পাওয়ার খবর দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে উদ্ধার করেন।
পাথরঘাটা রেঞ্জের বন কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, জাকির হোসেন সেই অজগর উদ্ধার করে আনার পরপরই সেটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, জাকির দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছেন। এর আগেও তিনি প্রায় দুই হাজার অজগর উদ্ধার করেছেন।
প্রতিনিধি/এফএ