শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

সিডরের ১৯ বছর: আতঙ্ক আর ক্ষত বুকে নিয়ে বেঁচে আছেন বরগুনার উপকূলবাসী

অলিউল্লাহ্ ইমরান, বরগুনা
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

সিডরের ১৯ বছর: আতঙ্ক আর ক্ষত বুকে নিয়ে বেঁচে আছেন বরগুনার উপকূলবাসী

সন্ধ্যা নামলেই আতঙ্কে বুক কাঁপে ১০ বছরের শিশু রায়হানের। ঘুমাতে গেলেও চোখে ঘুম আসে না। মনে হয়, এই বুঝি পায়রা নদীর উত্তাল ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যাবে তাদের শেষ আশ্রয়টুকুও। দিনের আলোয় ভয় কিছুটা কম থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উৎকণ্ঠা। কারণ, নদীভাঙনে এরই মধ্যে তিনবার বসতভিটা হারিয়েছে তার পরিবার। এখন ভাঙা বেড়িবাঁধের ওপর পলিথিনের ছাউনির নিচে তাদের বসবাস। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের খবর শুনলেই রায়হানের মনে পড়ে যায় সর্বস্ব হারানোর ভয়াবহ স্মৃতি।

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের ভয়াল রাতের ১৯ বছর পূর্ণ হচ্ছে। সেই রাতে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বরগুনার উপকূলীয় জনপদ। কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ, ধ্বংস করেছিল ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের ও জীবিকার অবলম্বন। ১৯ বছর পেরিয়ে গেলেও সেই দুর্যোগের ক্ষত পুরোপুরি মুছে যায়নি। বরং পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর অব্যাহত ভাঙন, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ এবং একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতে নতুন নতুন ক্ষত তৈরি হচ্ছে উপকূলজুড়ে। দুর্যোগের পর দুর্যোগ মোকাবিলা করতে করতে ক্লান্ত বরগুনার মানুষের কাছে এখনো নিরাপদ বসবাস যেন এক অধরা স্বপ্ন।

বরগুনার তালতলী উপজেলার জয়লভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রায়হানের বর্তমান ঠিকানা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত একটি বেড়িবাঁধের ওপর তৈরি ঝুপড়িঘর। বাবা-মা ও দুই ছোট ভাইবোনের সঙ্গে পলিথিনের ছাউনির নিচে তাদের বসবাস। সাড়ে আট বছরের ভাই রিফাত সাঁতার জানলেও ছোট বোনটি জানে না সাঁতার। তাই নদীভাঙনের আতঙ্কে তিন ভাইবোন সব সময় একে অপরের কাছাকাছি থাকে।

নিজেদের ঝুপড়িঘরের সামনে দাঁড়িয়ে রায়হান বলে, ‘সন্ধ্যা নামলেই আমার খুব ভয় করে। মনে হয়, এই বুঝি আমরা ভেসে গেলাম। দিনের বেলায় ভয় কিছুটা কম লাগে।’

রায়হানের মা জমিলা বেগম জানান, গত ১৬ বছরে নদীভাঙনে তিনবার ঘরবাড়ি হারিয়েছে তাদের পরিবার। তার স্বামী রহমান হাওলাদার পেশায় জেলে। নদীগর্ভে বিলীন হয়েছে তাদের ফসলি জমি ও ছোট একটি মাছের ঘেরও। এখন পরিবার নিয়ে মাথা গোঁজার মতো নিজস্ব কোনো জমি অবশিষ্ট নেই।

আক্ষেপ নিয়ে জমিলা বেগম বলেন, আমরা এখন পুরোপুরি ভূমিহীন। একটা ভাঙা সরকারি বাঁধের ওপর কোনোমতে দিন কাটাচ্ছি। স্থায়ী কোনো ব্যবস্থা না হলে আমাদের মন থেকে কোনো দিন ভয় যাবে না। শুধু রায়হানদের পরিবারই নয়, একই ঝুঁকিপূর্ণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছে আরও অন্তত ৪০টি পরিবার। নদীভাঙনে বসতভিটা হারিয়ে এসব পরিবারের কেউ পলিথিন, কেউবা ত্রিপল টাঙিয়ে বসবাস করছেন। একদিকে নদীর অব্যাহত ভাঙন, অন্যদিকে জোয়ার ও ঘূর্ণিঝড়ের আতঙ্ক নিয়েই কাটছে তাদের জীবন। 

তিনি আরও বলেন, দুর্যোগের সংকেত পেলেই শুরু হয় নতুন করে আশ্রয় খোঁজার প্রস্তুতি। কখনো গবাদিপশু, কখনো ঘরের সামান্য আসবাবপত্র সরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু যাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাদের কাছে প্রতিটি দুর্যোগই নতুন করে সর্বস্ব হারানোর শঙ্কা।

বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের পুরাঘাটা ফেরিঘাটের কিছুটা দক্ষিণে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে ছোট্ট একটি টিনের ঘরে বসবাস করেন ষাটোর্ধ্ব রুশিয়া বেগম। শৈশবে এক রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় পায়রা নদীর ভাঙনে তাদের ঘরটি বিলীন হয়ে যায়। এরপর একে একে নদীগর্ভে হারিয়েছে তার চারটি বসতঘর। এমনকি দাদা-দাদি ও বাবা-মায়ের কবরও রক্ষা পায়নি পায়রার গ্রাস থেকে। নদীভাঙনে নিঃস্ব হয়ে বছরের পর বছর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন রুশিয়া বেগম।

কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলেন, দাদা-দাদি, বাপ-মায়ের কবরসহ সবকিছু ভাইঙ্গা লইয়া গেছে এই পায়রা। আমারে ভূমিহীন করছে। এহন রাস্তার পাশে সরকারি জায়গায় থাহি। সরকার যদি মোগো দিকে একটু নজর দিয়া মাথা গোঁজার ঠাঁই কইরা দিত, তাইলে একটু শান্তিতে মরতে পারতাম। 

রায়হান ও রুশিয়া বেগমের এই দুর্বিষহ জীবন এখন দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার বিস্তীর্ণ জনপদের বাস্তব চিত্র। সিডরের ১৯ বছর পরও উপকূলের মানুষের কাছে নদী মানেই শুধু জীবিকা নয়, একই সঙ্গে ভাঙন ও অনিশ্চয়তার নাম। পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর অব্যাহত ভাঙনে জেলার অন্তত ৭২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে চরম ঝুঁকিতে। কোথাও নদীর প্রবল স্রোতে বাঁধের পাড় ধসে পড়ছে, কোথাও প্রতিরক্ষা বাঁধের মাটি সরে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। আবার কোথাও জোয়ারের পানি উপচে ঢুকে পড়ছে লোকালয়ে। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও মাছের ঘের। ঝুঁকির মুখে পড়েছে বিস্তীর্ণ জনপদের কৃষি, মৎস্যসম্পদ, যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবন-জীবিকা।

Sidor-bogura2

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, জেলার ২২টি পোল্ডারের অধীনে মোট ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে অন্তত ৭২ কিলোমিটার বাঁধ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। উপজেলাভিত্তিক হিসাবে বরগুনা সদরে ২৬ কিলোমিটার, পাথরঘাটায় ১৮ কিলোমিটার, বেতাগীতে ১১ কিলোমিটার, বামনায় ৭ কিলোমিটার, আমতলীতে ৫ কিলোমিটার এবং তালতলীতে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব এলাকার কোথাও নদীর তীব্র স্রোতে বাঁধের পাড় ভেঙে যাচ্ছে, কোথাও প্রতিরক্ষা বাঁধের মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম, অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগে নির্দিষ্ট মৌসুমে নদীভাঙন বেশি দেখা গেলেও এখন প্রায় সারা বছরই ভাঙন অব্যাহত থাকে। বর্ষা ও অমাবস্যা-পূর্ণিমার জোয়ারে অনেক সময় পানি বাঁধ উপচে লোকালয়ে ঢুকে পড়ে। এতে বসতবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি লবণাক্ত পানিতে নষ্ট হচ্ছে ফসলি জমি ও মাছের ঘের। দুর্যোগের সময় বাঁধ ভেঙে পানি ঢুকলে শুধু ঘরবাড়িই ক্ষতিগ্রস্ত হয় না, দীর্ঘ সময় ধরে ব্যাহত হয় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। পানির সঙ্গে ভেসে যায় কৃষকের ফসল, ক্ষতিগ্রস্ত হয় পুকুর ও সুপেয় পানির উৎস। অনেক পরিবারকে নতুন করে ঋণ নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হয়।

পাথরঘাটার জিনতলা এলাকার মনোয়ারা বেগম গত ১১ বছরে চারবার বসতভিটা হারিয়েছেন। নদীভাঙনে বারবার সর্বস্ব হারিয়ে বর্তমানে তেতুলবাড়িয়া এলাকায় একটি ভাঙা বেড়িবাঁধের ওপর বসবাস করছেন তিনি।

একই এলাকার সুলতান আকন জানান, নদীভাঙনে তার দুই একর জমি বিলীন হয়ে গেছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ভোটের সময় প্রার্থীরা এসে স্থায়ী বাঁধ নির্মাণের কত প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে সেই কথা আর কেউ রাখেন না।

আরেক ক্ষতিগ্রস্ত কবির মাঝির অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড স্থায়ী প্রতিরোধব্যবস্থা গড়ে না তুলে নামমাত্র সংস্কারকাজ করে। দুর্বল এসব কাজের কারণে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে না। তার দাবি, এতে নদীভাঙন ঠেকানো তো দূরের কথা, সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ঠিকাদার ও কর্মকর্তারা লাভবান হচ্ছেন।

পাথরঘাটার কালমেঘা এলাকার ৩৫ বছর বয়সী রাজু মিয়া জানান, বিষখালী নদীর ভাঙনে তাদের জমির বেশির ভাগই বিলীন হয়ে গেছে। এখন মাত্র ৪০ শতাংশ জমি টিকে আছে। তিনি বলেন, আমাদের এখানে দ্রুত কংক্রিট ব্লক দিয়ে বাঁধ রক্ষা করা দরকার। তা না হলে নদীর গ্রাস থেকে বাকি জমিটুকুও রক্ষা করা যাবে না।

২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় জনপদে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। প্রবল বাতাস ও কয়েক ফুট উঁচু জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও মাছের ঘের। প্রাণ হারিয়েছিলেন অসংখ্য মানুষ। বরগুনা জেলায় প্রাণহানি ঘটে প্রায় ৩৬৩ জনের। অনেক পরিবার হারায় তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে। বিধ্বস্ত জনপদে দীর্ঘদিন ধরে চলে পুনর্বাসন ও পুনর্গঠনের চেষ্টা।

সিডরের পর উপকূলের মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও থেমে থাকেনি প্রকৃতির আঘাত। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার প্রভাবে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পরবর্তী সময়ে ২০২০ সালের আম্পান, ২০২১ সালের ইয়াস এবং ২০২৪ সালের ঘূর্ণিঝড় রেমালের প্রভাবেও বরগুনার উপকূলীয় বাঁধের দুর্বলতা নতুন করে সামনে আসে। এসব ঘূর্ণিঝড়ের প্রবল জলোচ্ছ্বাস ও ঢেউয়ের আঘাতে বিভিন্ন সময়ে বেড়িবাঁধের বড় অংশ ভেঙে যায়। কোথাও বাঁধের মাটি সরে গিয়ে তৈরি হয় গভীর ক্ষত। অনেক ক্ষেত্রে দুর্যোগ-পরবর্তী সময়ে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে সংস্কার না করায় পরবর্তী দুর্যোগে সেসব স্থান আরও দুর্বল হয়ে পড়ে।

ফলে জলোচ্ছ্বাসের পানি সহজেই লোকালয়ে প্রবেশ করে তলিয়ে দেয় বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে প্লাবিত থাকায় কৃষিজমির উৎপাদনক্ষমতা কমে যায়। ক্ষতিগ্রস্ত হয় পুকুর, মাছের ঘের ও সুপেয় পানির উৎস। জীবিকার প্রধান অবলম্বন কৃষি ও মৎস্যসম্পদের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে নদীভাঙনের শিকার হতে হয় উপকূলের মানুষকে। এভাবেই সিডরের ক্ষত বয়ে বেড়ানো পরিবারগুলোকে বারবার নতুন করে দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বলেন, প্রতি কিলোমিটার বেড়িবাঁধ স্থায়ীভাবে কংক্রিট ব্লক দিয়ে সুরক্ষা দিতে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হয়। বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হওয়ায় বরাদ্দসংকটে কাজ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। জিওব্যাগ ও কংক্রিট ব্লক দিয়ে নদীর তীর রক্ষায় দুটি প্রকল্প প্রস্তাব বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা রয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে আরও যাচাই-বাছাই করে নতুন প্রকল্প প্রস্তাব পাঠানো হবে।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, জেলার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জোর প্রচেষ্টা চলছে। স্থায়ী বাঁধ নির্মাণ করা তার প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। কাজটি করতে কিছুটা সময় লাগছে। তবে তার বিশ্বাস, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।

প্রতিনিধি/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর