উপজেলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
রাজধানীর সাভার ও আশুলিয়ায় টানা তৃতীয় দিনের মতো পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও উত্তেজনা দেখা গেছে। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টার দিকে প্রথমে আশুলিয়ার জিরাবো ও নরসিংহপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নামেন।
একপর্যায়ে তারা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। এ সময় সড়কের পাশে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (২ নভেম্বর) এসব ঘটনায় শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ার অন্তত ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
দুপুর ১২টার দিকে সাভারের উলাইল এলাকায় আল মুসলিম পোশাক কারখানার সামনে বিক্ষোভ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা কারখানায় হামলার চেষ্টা চালানোর পাশাপাশি ভেতরে কর্মরত শ্রমিকদের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায়।
পরে পুলিশ ও কারখানার নিজস্ব নিরাপত্তাকর্মীরা তাদের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে কিছুক্ষণের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আল মুসলিম কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, তাদের কারখানায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এ সময় বহিরাগত কিছু দুষ্কৃতকারী কারখানায় হামলার চেষ্টা করেছে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত রয়েছে। নিরাপত্তার স্বার্থে ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে বিকেলে সাভারের বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তথ্য সংগ্রহ করা হচ্ছে। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বহিরাগতদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে সাধারণ শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আগের দুই দিনের তুলনায় সোমবার সাভার-আশুলিয়ার পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশের তৎপরতায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রতিনিধি/এফএ