সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

ছাত্রী হেনস্তা: জাবিতে ১২ বাস আটকে হেলপারের বিচার দাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

ছাত্রী হেনস্তা: জাবিতে ১২ বাস আটকে হেলপারের বিচার দাবি শিক্ষার্থীদের
আটকে রাখা বাসগুলো। ছবি: ঢাকা মেইল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ‘ইতিহাস পরিবহন’র ১২টি বাস আটকে রেখেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসগুলো আটকে রাখা হয়। এ সময় অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, গতকাল রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে একটি বাসে ওঠেন তিনি। তবে হেমায়েতপুর এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। পরে রাস্তা পার হয়ে ‘ইতিহাস পরিবহন’র একটি বাসে ওঠেন তিনি।

ওই ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া ১০ টাকা হলেও বাসের হেলপার তার কাছ থেকে ২০ টাকা আদায় করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বাস না থামিয়ে চলন্ত অবস্থায় তাকে নামতে বলেন হেলপার। বাস থামিয়ে নামার কথা জানালে হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই ছাত্রী। 

এ সময় তিনি চিৎকার করলে হেলপার থেমে যান। বাস থেকে নামার পরও তাকে ও তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ করে গালিগালাজ করেন হেলপার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, আমরা বাসের মালিক ও অভিযুক্ত হেলপারকে ডেকে কথা বলেছি। ওই ছাত্রী চেয়েছেন, হেলপার যেন ভবিষ্যতে কোনো ছাত্রীর সঙ্গে এ ধরনের আচরণ না করেন এবং তার কাছে ক্ষমা চান। তিনি কারও রুজি-রোজগারে আঘাত হোক, সেটিও চান না।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর