Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জ অতিক্রম করল ১১ দলীয় জোটের লংমার্চ

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চ গোপালগঞ্জের ওপর দিয়ে অতিক্রম করেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১টার দিকে জেলার প্রবেশদ্বার মুকসুদপুর হয়ে কাশিয়ানী, ভাটিয়াপাড়া, পুলিশ লাইন, বেদগ্রাম ও ঘোনাপাড়া অতিক্রম করে খুলনার উদ্দেশে যাত্রা করে বহরটি।

LM

লংমার্চ চলাকালে জেলার বিভিন্ন স্থানে জোটের নেতাকর্মীরা সড়কের পাশে অবস্থান নিয়ে গাড়িবহরকে স্বাগত জানান। এ সময় গোপালগঞ্জ থেকে মোট ৯৬টি গাড়ি লংমার্চের বহরে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ পৌর জামায়াতের আমির মো. শওকত আলম আজাদ। তার দেওয়া তথ্য অনুযায়ী, ভাটিয়াপাড়া থেকে ৮৫টি এবং বেদগ্রাম এলাকা থেকে ১১টি গাড়ি বহরে যুক্ত হয়।

LM3

লংমার্চকে কেন্দ্র করে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে দাবি করে শওকত আলম আজাদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বাত্মক সহযোগিতা করেছে। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, লংমার্চকে স্বাগত জানাতে মুকসুদপুর, ভাটিয়াপাড়া, পুলিশ লাইন, বেদগ্রাম ও ঘোনাপাড়াসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা অবস্থান নেন। এ ছাড়া মোল্লাহাট টোল প্লাজা এলাকাতেও নেতাকর্মীদের অবস্থানের ব্যবস্থা রাখা হয়েছিল।

LM2

উল্লেখ্য, লংমার্চের বহর গোপালগঞ্জ অতিক্রম করলেও জেলায় কোনো পথসভা বা সমাবেশ অনুষ্ঠিত হয়নি।

প্রতিনিধি/এফএ