গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার তাকে অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব সাজিদুর রহমান স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গোপালগঞ্জ জেলার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেরভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি বৈদ্যুতিক পাখা খুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা উল্লেখ করা হয়। এ ছাড়া কলেজের নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে সাহেদ তালুকদারকে আটক করে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, কলেজের মালামাল চুরির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
চুরির অভিযোগে আটকের পরদিনই জেলা ছাত্রদল তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানাল।
প্রতিনিধি/এলএ




