জেলা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে দরজার তালা ভেঙে সশস্ত্র ডাকাতদল ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান বাড়িতে প্রবাসী খোরশেদুল আলমের ঘরে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্য জুবাইদুল ইসলাম বলেন, ‘রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে। এরপর পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়। একপর্যায়ে তারা সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির ঘরে রাখা আড়াই লাখ টাকা, তিনটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘ডাকাতেরা দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালায়। পরে বাড়ির পাশে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ও মুখ ঢাকার গামছা পাওয়া যায়।’
প্রবাসী খোরশেদুল আলম বলেন, ‘ডাকাতেরা ঘরে ঢুকেই আমার স্ত্রী ও ছেলের বউকে মারধর শুরু করে। আমি বাধা দিলে আমাকেও মারধর করে। পরে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।’
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/এএম