চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নাসির উদ্দীন বাবুল নামে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণ পাশে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়।
বাবুল সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিমের ছোট ভাই।
স্থানীয়রা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন বাবুল। পথে আগে থেকেই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে দেখামাত্র গুলি করে। এসময় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকাবাসী প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বাবুলের ভাই আব্দুল করিম সম্প্রতি স্থানীয় এক পুলিশ সদস্যকে অপহরণের মামলায় আটক হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ওই ঘটনার সঙ্গে বাবুলের ওপর হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয় পুলিশ।
এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা তদন্ত করে দেখছি। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিনিধি/এএইচ



