স্বামী-স্ত্রীর সহবাসের পর গোসল ফরজ হয়। তবে অনেক সময় গোসলের আগেই রান্নাবান্না বা ঘরের অন্যান্য কাজ করতে হয়। এ অবস্থায় মনে প্রশ্ন জাগে, ফরজ গোসল না করে রান্না করা যাবে কি? এতে কি খাবার নাপাক হয়ে যাবে? ইসলামে এ বিষয়ে কী বিধান রয়েছে?
ফরজ গোসলের আগে রান্না করার বিধান
সহবাসের পর গোসল ফরজ হলেও গোসলের আগে রান্নাবান্না, খাওয়াদাওয়া কিংবা ঘরের অন্যান্য কাজ করা জায়েজ। কারণ, জানাবাতের কারণে মানুষ শারীরিকভাবে নাপাক হয়ে যায় না। তবে এ অবস্থায় নামাজ পড়ার জন্য গোসল করে পবিত্রতা অর্জন করা আবশ্যক।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (স.)-এর সঙ্গে মদিনার একটি পথে তাঁর দেখা হয়। তখন তিনি জানাবাতের অবস্থায় ছিলেন। তিনি সরে গিয়ে গোসল করে ফিরে আসেন। রাসুলুল্লাহ (স.) তাঁকে জিজ্ঞেস করেন, ‘কোথায় ছিলে?’ তিনি নিজের অবস্থার কথা জানালে রাসুলুল্লাহ (স.) বলেন, ‘সুবহানাল্লাহ! মুমিন নাপাক হয় না।’ (সহিহ বুখারি: ২৮৩)
এ হাদিসের অর্থ হলো, জানাবাতের কারণে মানুষ শারীরিকভাবে নাপাক হয় না। তাই এ অবস্থায় রান্না করা বা খাবার স্পর্শ করলে খাবার নাপাক হবে না। তবে জানাবাতের কারণে গোসল ফরজ হওয়ার বিধান বহাল থাকে। কারণ, আল্লাহ তাআলা জানাবাতের অবস্থায় গোসল না করা পর্যন্ত নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। (সুরা নিসা: ৪৩)
আরও পড়ুন: ফরজ গোসলের সময় যে ৫ ভুল এড়িয়ে চলবেন
গোসলের আগে খাওয়াদাওয়া করা যাবে?
ফরজ গোসলের আগে খাওয়াদাওয়া করাও জায়েজ। তবে এ অবস্থায় খাওয়ার আগে অজু করে নেওয়া উত্তম। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) জানাবাতের অবস্থায় খেতে বা ঘুমাতে চাইলে নামাজের অজুর মতো অজু করতেন। (সহিহ মুসলিম: ৩০৫)
ইমাম নববি সহিহ মুসলিমের এ হাদিসের অধ্যায়ের শিরোনামে খাওয়াদাওয়া ও ঘুমানোর আগে লজ্জাস্থান ধুয়ে অজু করে নেওয়াকে মুস্তাহাব হিসেবে উল্লেখ করেছেন। তাই জানাবাতের অবস্থায় খাওয়ার আগে লজ্জাস্থান পরিষ্কার করে অজু করে নেওয়া উত্তম। তবে রান্না করা বা খাবার স্পর্শ করার জন্য অজু কিংবা গোসল করা শর্ত নয়।
গোসল কখন করতে হবে?
সহবাসের পরপরই গোসল করা বাধ্যতামূলক নয়। প্রয়োজনে কিছু সময় গোসল বিলম্বিত করা যায়। তবে গোসল বিলম্বিত করতে গিয়ে নামাজের ওয়াক্ত পার করে দেওয়া যাবে না। নামাজ আদায়ের জন্য গোসল করে পবিত্রতা অর্জন করা আবশ্যক।
আল্লাহ তাআলা বলেন, ‘আর যদি তোমরা অপবিত্র অবস্থায় থাকো, তবে ভালোভাবে পবিত্রতা অর্জন করো।’ (সুরা মায়েদা: ৬)
তথ্যসূত্র: সুরা নিসা: ৪৩, সুরা মায়েদা: ৬; সহিহ বুখারি: ২৮৩; সহিহ মুসলিম: ৩০৫, ৩৭১




