বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

স্বামী-স্ত্রীর ঝগড়ায় কে আগে ক্ষমা চাইবে? ইসলামের শিক্ষা কী

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

স্বামী-স্ত্রীর ঝগড়ায় কে আগে ক্ষমা চাইবে? ইসলামের শিক্ষা কী
ছবি: এআই

স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতেই পারে। কখনো সামান্য কথা-কাটাকাটি, কখনো জমে থাকা অভিমান বিরোধ হয়ে দাঁড়ায়। তখন কেউই আগে কথা বলতে চান না। প্রত্যেকে ভাবেন, অন্যজন আগে এগিয়ে আসুক। এ ক্ষেত্রে ইসলাম কী শেখায়?

আগে কে ক্ষমা চাইবেন

স্বামী বা স্ত্রীর জন্য আলাদা করে কে আগে ক্ষমা চাইবেন, এমন নির্দিষ্ট বিধান হাদিসে পাওয়া যায় না। তবে ইসলামের মূল শিক্ষা হলো, ভুল বুঝতে পারলে তা স্বীকার করা এবং সম্পর্ক জোড়া লাগাতে এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে যিনি আগে এগিয়ে আসেন, তার জন্য হাদিসে বিশেষ মর্যাদার কথা এসেছে।

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কোনো মুসলমানের জন্য তার ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে থাকা বৈধ নয়। তাদের দুজনের দেখা হলে একজন এদিকে মুখ ফিরিয়ে নেয়, অন্যজন ওদিকে মুখ ফিরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে আগে সালাম দেয়।’ (সহিহ বুখারি: ৬০৭৭; সহিহ মুসলিম: ২৫৬০)

হাদিসটি মূলত মুসলমানদের পারস্পরিক সম্পর্কের বিষয়ে। তবে এর শিক্ষা স্বামী-স্ত্রীর মনোমালিন্য দূর করার ক্ষেত্রেও প্রাসঙ্গিক।

আরও পড়ুন: নবীজির ৭ ক্ষমার দৃষ্টান্ত হৃদয় ছুঁয়ে যায়

ক্ষমা করলে সম্মান বাড়ে

অনেকে মনে করেন, আগে ক্ষমা চাইলে নিজের সম্মান কমে যায়। অথচ রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘কেউ কাউকে ক্ষমা করলে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন।’ (সহিহ মুসলিম: ২৫৮৮) অর্থাৎ ক্ষমা চাওয়া বা ক্ষমা করা দুর্বলতা নয়, আল্লাহর কাছে এটি মর্যাদা বৃদ্ধির কারণ।

দাম্পত্য জীবনে ভালো আচরণ

আল্লাহ তাআলা স্বামীদের উদ্দেশে বলেন, ‘তোমরা তাদের (স্ত্রীদের) সঙ্গে সদ্ভাবে জীবন যাপন করো।’ (সুরা নিসা: ১৯)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের কাছে উত্তম।’ (জামে তিরমিজি: ৩৮৯৫) তিনি আরও বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। তার কোনো একটি স্বভাব অপছন্দ হলে অন্য কোনো স্বভাবে সে সন্তুষ্ট হবে। (সহিহ মুসলিম: ১৪৬৯)

আরও পড়ুন: নবীজির দাম্পত্য দর্শন: সুখী পরিবারের সোনালি নীতি

আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনায় বলেছেন, তারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। (সুরা আলে ইমরান: ১৩৪)

এসব নির্দেশনা থেকে বোঝা যায়, রাগের মুহূর্তে একে অপরের ভালো দিকগুলো ভুলে গিয়ে দোষারোপ করা ঠিক নয়। ভুল হলে ক্ষমা চাওয়া, আর অন্যজনের ক্ষমা প্রার্থনা উদারভাবে গ্রহণ করা দুজনেরই দায়িত্ব।

তাহলে কে এগিয়ে আসবেন

কে আগে ক্ষমা চাইবেন, তা নিয়ে হিসাব না কষে যার আগে উপলব্ধি হবে, তারই এগিয়ে আসা উচিত। তবে আগে ক্ষমা চাওয়া মানে অন্যায় মেনে নেওয়া বা সব দোষ নিজের কাঁধে নেওয়া নয়। দাম্পত্য জীবনে জয়-পরাজয় নয়, ভালোবাসা ও পারস্পরিক সম্মান বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: সুরা নিসা: ১৯; আলে ইমরান: ১৩৪; সহিহ বুখারি: ৬০৭৭; সহিহ মুসলিম: ২৫৬০, ২৫৮৮, ১৪৬৯; জামে তিরমিজি: ৩৮৯৫

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর