প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত, যার প্রতিদানও অনেক। তবে নামাজ আদায় করলেই সবাই সমান সওয়াব পাবেন, এমন নয়। নামাজ শুদ্ধ হওয়া আর পূর্ণ সওয়াব পাওয়া এক বিষয় নয়। কিছু ভুলে নামাজের শুদ্ধতা নষ্ট হতে পারে, যেমন অজু ছাড়া নামাজ আদায় করা। আবার কিছু ভুল ও অসতর্ক আচরণের কারণে নামাজ আদায় হলেও এর একাগ্রতা ও সওয়াব কমে যেতে পারে। তাই নামাজের নিয়ম জানার পাশাপাশি এর আদব, গুরুত্ব ও যথাযথ পদ্ধতি মেনে চলাও জরুরি।
রাসুলুল্লাহ (স.) নামাজে ধীরস্থিরতা ও একাগ্রতা বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। হাদিসে এমন কিছু ভুলের বিষয়ে সতর্ক করা হয়েছে, যেগুলো অনেকের নামাজেই দেখা যায়।
১. তাড়াহুড়া করে নামাজ আদায় করা
অনেকে দ্রুত নামাজ শেষ করার চেষ্টা করেন। রুকু, সেজদা ও দুই সেজদার মাঝখানে যথেষ্ট স্থিরতা বজায় রাখেন না। অথচ নামাজের প্রতিটি রুকন ধীরস্থিরভাবে আদায় করা জরুরি। তাড়াহুড়ার কারণে নামাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঠিকভাবে আদায় হয় না।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নামাজ আদায় করার পর রাসুলুল্লাহ (স.)-এর কাছে এসে সালাম দিলেন। নবীজি (স.) তাকে আবার নামাজ পড়তে বললেন। এভাবে তিনবার হওয়ার পর ওই ব্যক্তি বললেন, তিনি এর চেয়ে সুন্দরভাবে নামাজ আদায় করতে জানেন না। তখন রাসুলুল্লাহ (স.) তাকে নামাজের নিয়ম শিখিয়ে দিয়ে বলেন, রুকুতে গিয়ে ধীরস্থিরভাবে রুকু করতে হবে। এরপর সেজদা থেকে উঠে স্থির হয়ে বসতে হবে। নামাজের প্রতিটি অবস্থান এভাবেই আদায় করতে হবে। (সহিহ বুখারি: ৭৫৭)
এই হাদিস থেকে বোঝা যায়, নামাজের প্রতিটি রুকনে ধীরস্থিরতা বজায় রাখা জরুরি। ফিকহের পরিভাষায় একে ‘তা'দিলে আরকান’ বলা হয়। এর বিধানগত শ্রেণি নিয়ে ফিকহবিদদের মধ্যে মতভেদ থাকলেও নামাজে ধীরস্থিরতা বজায় রাখার গুরুত্বের বিষয়ে মতভেদ নেই।
আরও পড়ুন: নামাজে দুনিয়ার চিন্তা এলে কী করবেন
২. রুকু ও সেজদা যথাযথভাবে আদায় না করা
রুকু ও সেজদা নামাজের গুরুত্বপূর্ণ রুকন। অনেকে এসব অবস্থানে যথেষ্ট স্থিরতা বজায় রাখেন না। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, দুই সেজদার মাঝখানে বসা কিংবা সেজদা আদায়ের ক্ষেত্রে তাড়াহুড়া করেন। এতে নামাজের পূর্ণাঙ্গতা ক্ষতিগ্রস্ত হয়।
আম্মার ইবনে ইয়াসির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, কোনো ব্যক্তি নামাজ আদায় করে ফিরে যায়, অথচ তার জন্য নামাজের এক-দশমাংশ, এক-নবমাংশ, এক-অষ্টমাংশ, এক-সপ্তমাংশ, এক-ষষ্ঠাংশ, এক-পঞ্চমাংশ, এক-চতুর্থাংশ, এক-তৃতীয়াংশ কিংবা অর্ধেক সওয়াবই লেখা হয়। (সুনান আবু দাউদ: ৭৯৬)
এই হাদিস থেকে বোঝা যায়, নামাজ আদায় করলেই সবাই সমান সওয়াব পান না। নামাজে মনোযোগ, একাগ্রতা ও প্রতিটি রুকন যথাযথভাবে আদায়ের ওপর সওয়াবের পরিমাণ নির্ভর করে। তাই রুকু-সেজদাসহ নামাজের প্রতিটি অবস্থান ধীরস্থিরভাবে আদায় করা জরুরি।
৩. নামাজে একাগ্রতা ধরে রাখার চেষ্টা না করা
নামাজে দাঁড়িয়ে দুনিয়াবি চিন্তা, কাজের পরিকল্পনা কিংবা অন্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। এতে নামাজের খুশু বা বিনয় কমে যেতে পারে। মানুষের মনে অনিচ্ছাকৃত চিন্তা আসতেই পারে। তবে সেগুলোতে ইচ্ছাকৃতভাবে ডুবে না থেকে মনোযোগ নামাজে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে।
আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে, যারা নিজেদের নামাজে বিনয়ী ও মনোযোগী।’ (সুরা মুমিনুন: ১-২)
আরও পড়ুন: নামাজ আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য ৫ বিষয় খেয়াল রাখবেন
৪. দৃষ্টি ও শরীরের অস্থিরতা
নামাজে অকারণে এদিক-সেদিক তাকানো একাগ্রতা নষ্ট করে। আয়েশা (রা.) এ বিষয়ে রাসুলুল্লাহ (স.)-কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটি এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার নামাজ থেকে অংশবিশেষ ছিনিয়ে নেয়। (সহিহ বুখারি: ৭৫১)
নামাজের মধ্যে আকাশের দিকে দৃষ্টি তোলা থেকেও নিষেধ করা হয়েছে। রাসুলুল্লাহ (স.) এ বিষয়ে কঠোর সতর্কবাণী দিয়েছেন। তিনি বলেছেন, যারা নামাজে আকাশের দিকে দৃষ্টি তোলে, তাদের এ কাজ থেকে বিরত থাকা উচিত। অন্যথায় তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে। (সহিহ বুখারি: ৭৫০)
একইভাবে অকারণে কাপড় ঠিক করা, হাত-পা নাড়াচাড়া করা, দাড়ি বা শরীর নিয়ে খেলা করা এবং বারবার চুলকানোর মতো কাজও মনোযোগ সরিয়ে দেয়। প্রয়োজন ছাড়া এসব কাজ থেকে বিরত থাকা উচিত।
৫. ইমামের আগে রুকু-সেজদা করা
জামাতে নামাজ আদায়ের সময় ইমামের অনুসরণ করা মুক্তাদির দায়িত্ব। ইমামের আগে রুকুতে যাওয়া, সেজদায় যাওয়া কিংবা তার আগে মাথা ওঠানো গুরুতর ভুল। এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) কঠোর সতর্কবাণী দিয়েছেন।
তিনি বলেছেন, যে ব্যক্তি ইমামের আগে মাথা ওঠায়, সে কি ভয় করে না যে আল্লাহ তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দেবেন? (সহিহ বুখারি: ৬৯১)
তাই জামাতে নামাজ আদায়ের সময় ইমামের অনুসরণ করতে হবে। ইমাম যে রুকনে যাবেন, মুক্তাদি তার পরে সেই রুকনে যাবেন।
৬. কেরাত ও তাকবির মনে মনে আদায় করা
অনেককে দেখা যায়, যেসব নামাজে আস্তে কেরাত পড়তে হয়, সেসব নামাজে মুখ ও ঠোঁট না নেড়ে মনে মনে সুরা পড়েন। অথচ আস্তে কেরাত পড়ার অর্থ মনে মনে পড়া নয়। এর অর্থ হলো নিচু স্বরে তেলাওয়াত করা।
হানাফি ফিকহে কেরাতের সর্বনিম্ন উচ্চারণ নিয়ে দুটি মত পাওয়া যায়। একটি মত অনুযায়ী, নিজের কানে শোনা যায় এমনভাবে পড়তে হবে। অন্য মত অনুযায়ী, নিজের কানে শব্দ না পৌঁছালেও জিহ্বা ও ঠোঁট নেড়ে হরফগুলো উচ্চারণ করতে হবে। তবে শুধু মনে মনে পড়লে কেরাত আদায় হয় না।
আরও পড়ুন: নামাজের কেরাতে কোনো আয়াত ছুটে গেলে করণীয় কী
খাব্বাব (রা.)-কে জিজ্ঞেস করা হলো, রাসুলুল্লাহ (স.) কি জোহর ও আছরের নামাজে কেরাত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। জানতে চাওয়া হলো- কীভাবে বুঝতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়া দেখে। (সহিহ বুখারি: ৭৬১)
তাকবিরে তাহরিমার ক্ষেত্রেও একই ধরনের ভুল দেখা যায়। অনেকে হাত তুলে বাঁধেন, কিন্তু ‘আল্লাহু আকবার’ মুখে উচ্চারণ না করে মনে মনে বলেন। অথচ হানাফি ফিকহ অনুযায়ী, তাকবিরে তাহরিমা মুখে উচ্চারণ করা নামাজ শুরুর জন্য জরুরি। শুধু মনে মনে বললে নামাজ শুরু হয় না।
একইভাবে জামাতে ইমামের সুরা ফাতেহা শেষ করার পর ‘আমিন’ বলার ক্ষেত্রেও কেউ কেউ মনে মনে বলেন। অথচ আস্তে আমিন বলা আর মনে মনে বলা এক বিষয় নয়। আমিন নিচু স্বরে হলেও মুখে উচ্চারণ করতে হবে। তাকবির, তাসবিহ, তাশাহহুদ ও দোয়ার ক্ষেত্রেও উচ্চারণের বিষয়ে সচেতন থাকতে হবে।
৭. লোকদেখানো মনোভাব ও নামাজে উদাসীনতা
রিয়া বা লোকদেখানো মনোভাব ইবাদতের আন্তরিকতা নষ্ট করে। মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করা গুরুতর গুনাহ। কোরআনে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘তারা যখন নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়। তারা মানুষকে দেখায় এবং আল্লাহকে অল্পই স্মরণ করে।’ (সুরা নিসা: ১৪২)
অন্য আয়াতে নামাজ সম্পর্কে উদাসীন ব্যক্তিদের জন্য দুর্ভোগের কথা বলা হয়েছে। (সুরা মাউন: ৪-৫) তাফসিরবিদরা এর ব্যাখ্যায় নামাজের সময়ের প্রতি অবহেলা, নামাজের গুরুত্ব না দেওয়া এবং এর বিধান পালনে গাফিলতির কথা উল্লেখ করেছেন।
তবে অন্যকে নামাজে উৎসাহিত করতে প্রকাশ্যে নামাজ আদায় করা মানেই রিয়া নয়। মূল বিষয় হলো নিয়ত। ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য।
নামাজের প্রতিটি রুকন যথাযথভাবে আদায় করা, আল্লাহর সামনে বিনয়ী থাকা এবং মনোযোগ ধরে রাখার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তাই তাড়াহুড়া, অমনোযোগিতা, অপ্রয়োজনীয় নড়াচড়া ও লোকদেখানো মনোভাব পরিহার করে ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে।
নামাজে কোনো ভুল হলে তা শোধরাতে হবে, না জানলে শিখতে হবে এবং আল্লাহর রহমতের আশা রাখতে হবে। কারও নামাজ কবুল হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলার অধিকার আমাদের নেই। সওয়াব দেওয়া ও কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা।
তথ্যসূত্র: সুরা মুমিনুন: ১-২; সুরা নিসা: ১৪২; সুরা মাউন: ৪-৫; সহিহ বুখারি: ৬৯১, ৭৫১, ৭৫৭, ৭৬০, ৭৬১; সুনান আবু দাউদ: ৭৯৬




