২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের নির্ধারিত কেন্দ্রগুলো থেকে টিকা নিতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরে তাদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং হজ পোর্টাল থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
আরও পড়ুন: যে ৮০ কেন্দ্র থেকেই নিতে হবে হজযাত্রীদের টিকা
তালিকাভুক্ত ৯০টি কেন্দ্রের মধ্যে রয়েছে দেশের ৬৪ জেলার সিভিল সার্জন কার্যালয়। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে।
টিকা গ্রহণসহ হজসংক্রান্ত যেকোনো তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mora.gov.bd এবং হজ পোর্টালে www.hajj.gov.bd পাওয়া যাবে।




