সৌদি আরবের পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনায় ইরান-সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার গ্র্যান্ড মুফতি শেখ আহমদ ফাউয়াজ ফাদজিল। মক্কা ও মদিনার পুণ্যার্থী এবং নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলাকে ‘গুরুতর অপরাধ’ ও মুসলমানদের বিরুদ্ধে বেআইনি আগ্রাসন বলে অভিহিত করেছেন তিনি।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মক্কাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে শেখ আহমদ ফাউয়াজের বক্তব্য তুলে ধরে। সেখানে তিনি সৌদি আরবের ওপর হামলার নিন্দা জানান।
তিনি বলেন, ‘স্পষ্টভাবে জানাতে চাই, আমি ব্যক্তিগতভাবে সৌদি আরবের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। আমরা এ হামলাকে গুরুতর অপরাধ, একটি ইসলামি রাষ্ট্রের বিরুদ্ধে আগ্রাসন এবং মুসলমানদের বিরুদ্ধে বেআইনি আক্রমণ বলে মনে করি।’
আরও পড়ুন: সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের
শেখ আহমদ ফাউয়াজ বলেন, পবিত্র স্থান ও সেখানে যাতায়াতকারী মানুষকে লক্ষ্যবস্তু করার মতো কর্মকাণ্ডের নজির ইতিহাসে নেই। এ ধরনের কাজে জড়িতদের ধ্বংস ও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকিতে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আভা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম। এসব এলাকায় নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার খবর পাওয়া যাচ্ছে। মক্কা ও মদিনাও হুমকির আওতায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: দাম্মাম বিমানবন্দরে নিহত বেড়ে ২, আহত দুই বাংলাদেশিসহ ৮
এদিকে বুধবার দাম্মাম বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নিহতদের একজন সৌদি নাগরিক, অন্যজন ভারতীয় প্রবাসী।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সৌদি আরবের একজন নাগরিক, ভারতীয়, ইয়েমেনি ও বাংলাদেশি নাগরিকদের দুজন করে এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে, ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বৃহস্পতিবার জানিয়েছেন, রিয়াদ অঞ্চলে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
সূত্র: আরব নিউজ




