মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ওমরাহযাত্রীদের ওপর হামলাকে জঘন্যতম অপরাধ বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

ওমরাহযাত্রীদের ওপর হামলাকে জঘন্যতম অপরাধ বললেন সৌদি গ্র্যান্ড মুফতি

সৌদি আরবে পবিত্র দুই মসজিদ- মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে গমনকারী ওমরাহযাত্রীদের লক্ষ্য করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। তিনি এ ধরনের হামলাকে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। 

সোমবার (১২ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-তে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। 

গ্র্যান্ড মুফতি বলেন, হুথি মিলিশিয়া বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং নিরপরাধ মানুষ হত্যা করছে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যাওয়ার পথে মুসল্লিদের ওপর হামলাও এর অন্তর্ভুক্ত। এসব অপরাধের জন্য মহান আল্লাহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন: হারাম শরিফে রক্তপাতের পরিণতি কী

তিনি আরও বলেন, ইতিহাসে পবিত্র স্থান ও আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশে যাত্রাকারীদের ওপর হামলাকারীরা ধ্বংস ও ভয়াবহ পরিণতির শিকার হয়েছে।

বিবৃতিতে পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা এবং সৌদি আরবসহ মুসলিম দেশগুলোর নিরাপত্তার জন্য প্রার্থনাও করেন গ্র্যান্ড মুফতি।

তিনি বলেন, ‘আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এসব অপরাধীর পতন ঘটান এবং আমাদের দেশসহ মুসলিম দেশগুলোকে সুরক্ষিত রাখেন।’

গ্র্যান্ড মুফতির এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান সমর্থিত হুথিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই সপ্তাহজুড়ে রিয়াদসহ সৌদি আরবের একাধিক বিমানবন্দরে হামলার ঘটনায় দেশটির বিমান যোগাযোগ ও নিরাপত্তাব্যবস্থা বড় ধরনের চাপে পড়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। হতাহতদের পবিত্র দুই মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন মুসল্লিরাও ছিলেন। 

রোববার (১১ অক্টোবর) বিমানবন্দরের টার্মিনাল এলাকায় আবারও হামলা চালায় হুথিরা। এতে এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আরও ১১ জন আহত হন। 

এদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা, জিজান ও নাজরান বিমানবন্দরও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।  এসব ঘটনার পর সৌদি আরবের বেসামরিক স্থাপনা ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করেছে। একই সঙ্গে বেসামরিক মানুষ, যাত্রী ও ধর্মীয় উদ্দেশ্যে ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

সূত্র: সৌদি গেজেট

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর