সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স পরিদর্শন করেছেন বিভিন্ন দেশের ২৫০ জন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব। শনিবার সকালে তারা সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত কাস্টডিয়ান অব দ্য টু হলি মস্কস ওমরা অ্যান্ড ভিজিট প্রোগ্রামের অতিথি হিসেবে কমপ্লেক্সটি পরিদর্শন করেন।
পরিদর্শনের উদ্দেশ্য ছিল বিভিন্ন ভাষায় পবিত্র কোরআনের সেবা ও প্রচারে সৌদি আরবের উদ্যোগ সম্পর্কে অতিথিদের ধারণা দেওয়া।
এ সময় অতিথিরা কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। কর্মকর্তারা তাদের কোরআন মুদ্রণ ও বিতরণসহ এর যত্ন ও সংরক্ষণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জানান। তারা কোরআন মুদ্রণ, বিশ্বের বিভিন্ন ভাষায় এর অর্থের অনুবাদ এবং চূড়ান্ত পর্যালোচনা ও যাচাইয়ের প্রক্রিয়াও প্রত্যক্ষ করেন।
আরও পড়ুন: মক্কায় বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআনের প্রদর্শনী: গিনেস রেকর্ড

পরিদর্শনশেষে অতিথিদের পবিত্র কোরআনের কপি এবং বিভিন্ন ভাষায় এর অর্থের অনুবাদ উপহার দেওয়া হয়।
অতিথিরা কোরআন সংরক্ষণ, প্রকাশনা ও শিক্ষাদানে সৌদি আরবের উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্স বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ কোরআনের কপি মুদ্রণ ও বিতরণ করে। এসব উদ্যোগের জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কোরআন প্রচারে সৌদি বাদশাহ ও যুবরাজের প্রচেষ্টার জন্য আল্লাহর কাছে তাদের পুরস্কৃত করার দোয়া করেন।
আরও পড়ুন: মদিনার ৭টি দর্শনীয় স্থান, ভ্রমণে বাধা নেই যেখানে

কাস্টডিয়ান অব দ্য টু হলি মস্কস ওমরা অ্যান্ড ভিজিট প্রোগ্রামের আওতায় ইউরোপ ও এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব সৌদি আরব সফর করছেন। কাস্টডিয়ান অব দ্য টু হলি মস্কসের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, রাশিয়া, ভারত, পাকিস্তান, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, কাজাখস্তান, আজারবাইজান, তাজিকিস্তান, কসোভো, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান।
সূত্র: সৌদি প্রেস




