রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

এক বছরের ওমরা ভিসায়ও সৌদির নতুন শর্ত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৬:১৭ পিএম

শেয়ার করুন:

এক বছরের ওমরা ভিসায়ও সৌদির নতুন শর্ত

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরা পালনের আগে নতুন করে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে অনুমোদিত সেবা প্যাকেজ কেনা এবং ওমরা পারমিট সংগ্রহ। শুধু বৈধ ভিসা থাকলেই পরবর্তী সফরে ওমরা পালন করা যাবে না।

রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসাধারীদের প্রতিটি সফরের আগে নুসুক প্ল্যাটফর্মে তালিকাভুক্ত অনুমোদিত ওমরা সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। সৌদি আরবে যাত্রার আগেই নুসুক অ্যাপ থেকে ওমরা পারমিট নিতে হবে।

গত জুলাইয়ে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এ সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে। তবে সব সফর মিলিয়ে দেশটিতে মোট অবস্থানের সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।

আরও পড়ুন: বছরে একাধিকবার ওমরার সুযোগ, খরচ এবং আবেদনের নিয়ম

প্রতিটি সফরের জন্য আলাদা সেবা প্যাকেজ নিতে হবে। তবে সেই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়ের চেয়ে বেশি হতে পারবে না।

ওমরা পারমিটের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। নুসুক অ্যাপে নেওয়া পারমিটে যে তারিখ উল্লেখ থাকবে, তা অনুমোদিত সেবা প্যাকেজে নির্ধারিত তারিখের সঙ্গে মিল থাকতে হবে।

প্রথমবার ওমরা পালনের ক্ষেত্রে নিয়মটি কিছুটা ভিন্ন। নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার পর ভিসার আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরব ভ্রমণের আগে আবেদনকারীর যোগ্যতাও যাচাই করা হবে।

দেশটিতে প্রবেশের পর ভ্রমণকারীর প্রবেশের তথ্য সংরক্ষণ করা হবে। সৌদি আরব ছাড়ার সময় প্রস্থানের তথ্যও নথিভুক্ত করা হবে। এসব তথ্যের ভিত্তিতেই ভিসার আওতায় ৯০ দিনের নির্ধারিত অবস্থান থেকে কত দিন ব্যবহার হয়েছে এবং কত দিন বাকি আছে, তা হিসাব করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ও ওমরা-সংক্রান্ত এসব শর্তের পাশাপাশি সৌদি আরবে প্রবেশ এবং দেশটিতে চলাচলের জন্য প্রযোজ্য অন্যান্য যোগ্যতা ও নিয়মও মেনে চলতে হবে।

ফলে এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সেবা প্যাকেজ নেওয়া এবং নুসুক অ্যাপ থেকে ওমরা পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক। ভিসার মেয়াদ থাকাই পরবর্তী সফরে ওমরা পালনের জন্য যথেষ্ট হবে না।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর