শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বছরে একাধিকবার ওমরার সুযোগ, খরচ এবং আবেদনের নিয়ম

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

এক বছরেই একাধিকবার ওমরার সুযোগ, যেভাবে আবেদন করবেন

সৌদি আরব ওমরা পালনে আগ্রহী মুসলিমদের জন্য নতুন মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশের) ওমরা ভিসা চালু করেছে। এ ভিসার মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে গিয়ে ওমরা পালন করা যাবে। প্রতিবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন হবে না।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের এ উদ্যোগের লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের জন্য ওমরা সফরকে আরও সহজ ও নমনীয় করা। আবেদন ও সেবার পুরো প্রক্রিয়া পরিচালিত হবে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে।

নতুন ভিসার সুবিধা

নতুন মাল্টিপল-এন্ট্রি ওমরা ভিসার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো-

  • ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে এক বছর (৩৬৫ দিন)
  • এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে
  • মোট অবস্থানের অনুমোদিত সময় সর্বোচ্চ ৯০ দিন
  • সব দেশের মুসলিমরা আবেদন করতে পারবেন
  • নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরা প্যাকেজ বুকিং ছাড়া ভিসার আবেদন করা যাবে না
  • সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক
  • প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসা নিষ্ক্রিয় হবে। পরবর্তী সফরের শর্ত পূরণ ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এটি আবার কার্যকর হবে
  • হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করে ওমরা পালন করা যাবে না

আরও পড়ুন: এক বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

কারা আবেদন করতে পারবেন

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিশ্বের সব দেশের মুসলিমরা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন জমা দেওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত একটি ওমরা প্যাকেজ কিনতে হবে। প্যাকেজ কেনার পর অনুমোদিত ওমরা এজেন্সি ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে।

যেভাবে আবেদন করবেন

আবেদনের প্রথম ধাপ হলো নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবাদাতার কাছ থেকে একটি ওমরা প্যাকেজ নির্বাচন করা। প্যাকেজগুলো সাধারণত স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম ও লাক্সারি- এই তিন ধরনের হয়ে থাকে।

অনেক প্যাকেজে ওমরা ভিসা প্রসেসিং, বাধ্যতামূলক ওমরা বীমা, হোটেল, যাতায়াত, খাবার এবং স্থানীয় পরিবহনের সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

ভিসা অনুমোদনের পর সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক অ্যাপ থেকে ওমরার পারমিট সংগ্রহ করতে হবে। এই পারমিট ছাড়া ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করা যাবে না। একই ভিসার মেয়াদে পরবর্তী সফরের ক্ষেত্রেও নুসুকের তৎকালীন নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

আরও পড়ুন: ভিসা ছাড়া ওমরা করতে পারবেন যেসব দেশের মানুষ

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের সময় সাধারণত প্রয়োজন হবে-

  • কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
  • ফিরতি বা পরবর্তী গন্তব্যের নিশ্চিত বিমান টিকিট
  • হোটেল বুকিং বা আবাসনের প্রমাণ
  • ভ্রমণসূচি

ইউএইর বাসিন্দাদের ক্ষেত্রে অতিরিক্তভাবে এমিরেটস আইডির কপি এবং ইউএই রেসিডেন্স ভিসার কপিও প্রয়োজন হবে।

খরচ কত

ওমরা ভিসার মোট ব্যয় নির্বাচিত প্যাকেজের ওপর নির্ভর করবে।

স্ট্যান্ডার্ড প্যাকেজ: প্রায় ২,০০০–২,৬৮৪ ইউএই দিরহাম
লাক্সারি প্যাকেজ: প্রায় ৫,০০০–৭,০০০ ইউএই দিরহাম

এ ছাড়া ইউএইর বাসিন্দাদের ক্ষেত্রে শুধু ওমরা ভিসার ফি সাধারণত ৩০০–৬০০ ইউএই দিরহাম হতে পারে। তবে মৌসুম, অনুমোদিত এজেন্সি, আবাসনের ধরন ও প্যাকেজের সুবিধা অনুযায়ী ব্যয় কম-বেশি হতে পারে।

একই ভিসায় কি একাধিকবার ওমরা করা যাবে?

হ্যাঁ। এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো, এক বছরের মেয়াদের মধ্যে একাধিকবার ওমরা পালন করা যাবে। তবে প্রতিবার সফরের আগে অনুমোদিত ওমরা প্যাকেজ বুকিং, নুসুক অ্যাপের মাধ্যমে ওমরার পারমিট সংগ্রহ এবং সৌদি আরবের তৎকালীন কার্যকর বিধি-নিষেধ অনুসরণ করতে হবে।

প্রতিবার সৌদি আরব ত্যাগের পর ভিসা সাময়িকভাবে নিষ্ক্রিয় হবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ ও অনুমোদন পাওয়ার পর সেটি আবার কার্যকর হবে।

তথ্যসূত্র: গালফ নিউজ; সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়; নুসুক প্ল্যাটফর্ম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর