পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিন করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যাবে।
সৌদি সরকারের নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিবার সৌদিতে প্রবেশের আগে ভিসাধারীকে সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি ওমরাহ প্যাকেজ কিনতে হবে। প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এ ছাড়া সৌদিতে যাওয়ার আগে নুসুকের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।
তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। আরবি মাস জিলকদের ১ তারিখ থেকে জিলহজের ১৩ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসা সাময়িকভাবে স্থগিত থাকবে। এ সময়ে ভিসাধারীরা এই ভিসা ব্যবহার করে সৌদিতে প্রবেশ করতে পারবেন না।
সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এসপিএর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘোষিত ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে নতুন এই ভিসা ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে ধর্মীয় পর্যটনের পাশাপাশি দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: গালফ নিউজ
এমআই




