সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বিশ্বের বিভিন্ন দেশের ১,০০০ পুরুষ ও নারীকে নিজ ব্যয়ে ওমরা পালনের সুযোগ দেওয়ার অনুমোদন দিয়েছেন। ‘দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়কের অতিথি কর্মসূচি’ (হজ, ওমরা ও জিয়ারত)-এর আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করবে দেশটির ইসলামি বিষয়ক দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়।
১৪৪৮ হিজরি বছরে চার ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার ১৬টি দেশের ২৫০ জন ওমরাযাত্রী অংশ নেবেন। দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, তিমুর-লেস্তে, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া।
আরও পড়ুন: কোরআন হিফজে ৬০ বছরের অবদান: বিশেষ সম্মাননা পেলেন বাদশাহ সালমান
এ উপলক্ষে দেশটির ইসলামি বিষয়ক দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রী এবং কর্মসূচির মহাপরিচালক শায়খ আব্দুললতিফ আল-শেখ বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের জন্য ওমরা পালন ও পবিত্র স্থানসমূহ জিয়ারত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি নেতৃত্বের ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন এ উদ্যোগ।
আল-শেখ আরও বলেন, এ কর্মসূচি মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন মুসলিম সমাজের আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র: সৌদি গেজেট




