বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

মক্কায় প্রবেশে সৌদি আরবের নতুন কড়াকড়ি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

মক্কায় প্রবেশে সৌদি আরবের নতুন কড়াকড়ি
মক্কায় ঢুকতে লাগবে পারমিট: প্রবাসী ও বাসিন্দাদের জন্য নতুন বিধিনিষেধ। ছবি: গালফ নিউজ

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র নগরী মক্কায় প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। গত ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুযায়ী, বৈধ অনুমতিপত্র (পারমিট) ছাড়া কোনো প্রবাসী বা বাসিন্দা মক্কায় প্রবেশ করতে পারবেন না।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে দেশটির পাবলিক সিকিউরিটি বিভাগ জানিয়েছে, হজের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মক্কার প্রবেশপথগুলোতে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং বৈধ নথিপত্র না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


কারা প্রবেশ করতে পারবেন?

নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশের জন্য শুধুমাত্র নিম্নোক্ত নথিপত্রধারীরা অনুমতি পাবেন-

  • পবিত্র স্থানগুলোতে কাজের জন্য ইস্যুকৃত বিশেষ অনুমতিপত্র।
  • মক্কা থেকে ইস্যুকৃত বৈধ রেসিডেন্সি আইডি বা ইকামা।
  • হজের অফিসিয়াল অনুমতিপত্র।

আরও পড়ুন: চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু ১৯ এপ্রিল


বিজ্ঞাপন


ওমরা ও ভিসা সংক্রান্ত নির্দেশনা

সৌদি গেজেটের তথ্যমতে, ওমরা ভিসায় আগত বিদেশি নাগরিকদের জন্য ১৮ এপ্রিল (১ জিলকদ) দেশ ত্যাগের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই দিন (১৮ এপ্রিল) থেকে ৩১ মে পর্যন্ত ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পারমিট ইস্যু স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত সৌদি নাগরিক, প্রবাসী এবং জিসিসি দেশগুলোর নাগরিকদের জন্য সমভাবে প্রযোজ্য হবে।
এছাড়া, ১৮ এপ্রিল থেকে হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসাধারীর জন্য মক্কায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ডিজিটাল পারমিট ব্যবস্থা

হজ মৌসুমে কর্মরতদের মক্কায় প্রবেশের অনুমতিপত্র ‘আবশির’ এবং ‘মুকিম’ পোর্টালের মাধ্যমে ইলেকট্রনিকভাবে ইস্যু করা হচ্ছে। এই প্রক্রিয়াটি হজের জন্য নির্ধারিত সমন্বিত ‘তাসরিহ’ প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত।

সতর্কবার্তা

সৌদি কর্তৃপক্ষ মক্কায় অবস্থানরত এবং আগন্তুক সবাইকে কঠোরভাবে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। জানানো হয়েছে, হজযাত্রীদের নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: গালফ নিউজ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর