পবিত্র রমজান মাসের প্রথম রাতে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ১০ লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজ আদায় করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) এশার নামাজের পর দুই পবিত্র মসজিদে এ বছরের প্রথম তারাবি অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সাউদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ওমরা পালনকারী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে দুই মসজিদ এবং আশপাশের চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট অব সাউদি আরাবিয়া রমজানের চাঁদ দেখার ঘোষণা দেয়। ঘোষণার পরপরই মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে তারাবির প্রস্তুতি শুরু হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম রাতেই অন্তত ১০ লাখের বেশি মুসল্লি তারাবিতে অংশ নেন। নামাজের সময় পবিত্র কাবা শরিফের মাতাফ এলাকা ছাড়াও মসজিদের প্রতিটি তলা, ছাদ ও বাইরের চত্বর মুসল্লিতে পূর্ণ ছিল।
আরও পড়ুন: মক্কা-মদিনায় তারাবি ১০ রাকাত: দেশের মুসল্লিদের করণীয় কী
পবিত্র দুই মসজিদ বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমরা পালনকারীদের জন্য মাতাফ এলাকা ও নিচতলা নির্ধারণ করা হয়েছে। বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য কয়েকশত ইলেকট্রিক কার এবং স্মার্ট রোবট মোতায়েন রাখা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। কাবা প্রাঙ্গণ ও প্রধান প্রবেশপথগুলোতে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের প্রথম রোজা পালিত হচ্ছে। প্রথম তারাবিতে অংশ নেওয়া মুসল্লিরা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
তথ্যসূত্র: এসপিএ, আল-আরাবিয়া, গালফ নিউজ

