বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

জান্নাতি হুরদের ৮ বিস্ময়কর বৈশিষ্ট্য

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

জান্নাতি হুরদের ৮ বিস্ময়কর বৈশিষ্ট্য

জান্নাত চিরশান্তি ও অনন্ত সুখের আবাস। এটি এমন এক স্থান, যেখানে নেই দুঃখ, নেই ক্লান্তি, নেই মৃত্যু। আল্লাহ তাআলা এই জান্নাতকে তাঁর প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করেছেন, যেখানে থাকবে নানা প্রকার নেয়ামত ও অশেষ আনন্দ। কোরআন ও হাদিসে জান্নাতের এক অনন্য নেয়ামত হিসেবে উল্লেখ এসেছে ‘হুর’ (পবিত্র, সৌন্দর্যমণ্ডিত নারী), যাদের আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন জান্নাতি পুরুষদের জন্য।

পবিত্র কোরআন ও হাদিসে হুরদের সৌন্দর্য, পবিত্রতা এবং চরিত্রের এমন মনোমুগ্ধকর বর্ণনা পাওয়া যায়, যা মানুষের কল্পনাকেও হার মানায়। নিচে হুরদের আটটি বিস্ময়কর বৈশিষ্ট্য তুলে ধরা হলো—


বিজ্ঞাপন


১. অনিন্দ্য সৌন্দর্যের অধিকারী

জান্নাতি হুরদের সৌন্দর্য দুনিয়ার কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনীয় নয়। আল্লাহ তাআলা বলেন, ‘সেই উদ্যানগুলোতে আছে সুশীলা, সুন্দরীরা।’ (সুরা আর-রহমান: ৭০) ‘তারা যেন পদ্মরাগ ও প্রবাল।’ (সুরা আর-রহমান: ৫৮)
তাফসিরবিদদের ব্যাখ্যায় এসেছে, তাদের রূপ এত উজ্জ্বল ও মনোমুগ্ধকর হবে যে, জান্নাত তাদের সৌন্দর্যে আলোকিত হয়ে উঠবে।

২. পবিত্র ও সুরক্ষিতা

জান্নাতি হুররা হবে পবিত্র, কুমারী ও সম্মানিত। আল্লাহ বলেন, ‘তারা হুর, তাঁবুতে সুরক্ষিতা... তাদের এর আগে কোনো মানুষ বা জ্বিন স্পর্শ করেনি।’ (সুরা আর-রহমান: ৭২, ৭৪)
তারা দুনিয়ার মতো কোনো ক্লান্তি, দুঃখ বা অপবিত্রতার স্পর্শে কলুষিত হবে না।


বিজ্ঞাপন


আরও পড়ুন: জান্নাতে পুরুষের জন্য হুর, নারীর জন্য কী?

৩. চিরযৌবনা

হুররা চিরতরুণী ও চিরআনন্দে থাকবে। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তারা (হুররা) গান গাইবে: আমরা তো চিরজীবী, আমাদের ধ্বংস নেই। আমরা আনন্দে আছি, দুঃখ নেই আমাদের। আমরা চির সন্তুষ্ট, কখনো অসন্তুষ্ট হব না। তাদের কতই না সৌভাগ্য যাদের জন্য আমরা এবং আমাদের জন্য যারা।’ (সুনানে তিরমিজি: ২৫৬৪)
জান্নাতে সময় বা বার্ধক্যের প্রভাব তাদের স্পর্শ করবে না।

৪. সুমিষ্ট কণ্ঠের অধিকারী

তাদের কণ্ঠ হবে অত্যন্ত মধুর ও মনোমুগ্ধকর। নবী কারিম (স.) বলেন, ‘জান্নাতে হুরদের সমবেত হওয়ার একটি জায়গা আছে। তারা সেখানে এমন সুরেলা সুরে গান গাইবে, যা কোনো সৃষ্টি কখনো শোনেনি।’ (তিরমিজি: ২৫৬৪)

৫. স্বচ্ছ দেহের অধিকারিণী

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তাদের প্রত্যেকের দুজন স্ত্রী থাকবে। সৌন্দর্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার মজ্জাও দেখা যাবে।’ (সহিহ বুখারি: ৩২৪৬)
এটি তাদের অপরূপ স্বচ্ছতা, বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতীক।

আরও পড়ুন: জান্নাতে হুরদের চেয়েও সুন্দরী হবেন যাঁরা

৬. সুরভিত ও আলোকিত দেহ

রাসুলুল্লাহ (স.) বলেন, ‘জান্নাতি কোনো নারী যদি দুনিয়াবাসীদের প্রতি উঁকি দেয়, তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান আলোকিত ও সুরভিত হয়ে যাবে। আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সবকিছু থেকে উত্তম।’ (সহিহ বুখারি: ২৭৯৬)
তাদের দেহ থেকে সুগন্ধি ও আলোর ঝলক ছড়াবে, যা জান্নাতের পরিবেশকে আরও মনোরম করবে।

৭. আনত নয়না ও লজ্জাশীলা

হুররা হবে বিনয়ী, নম্র ও স্বামীনিষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, ‘সেসবের মধ্যে আছে বহু আনত নয়না, যাদের আগে কোনো মানুষ বা জ্বিন স্পর্শ করেনি।’ (সুরা আর-রহমান: ৫৬)
তাদের দৃষ্টি থাকবে কেবল স্বামীর প্রতি নিবদ্ধ, বিনয় ও আনুগত্যে পরিপূর্ণ।

আরও পড়ুন: জান্নাতের সুখ শান্তি

 ৮. সোহাগিনি

জান্নাতি হুররা হবে সোহাগিনি। আল্লাহ বলেন, ‘তাদের আমি সৃষ্টি করেছি বিশেষরূপে—তাদের করেছি কুমারী, সোহাগিনি ও সমবয়স্কা। ডান দিকের লোকদের জন্য।’ (সুরা ওয়াকেয়া: ৩৫-৩৮)

জান্নাতের হুররা কেবল রূপসীই নয়; তারা আল্লাহর অনুগ্রহ, রহমত ও পুরস্কারের প্রতীক। তাদের অস্তিত্ব জান্নাতের সৌন্দর্য ও মুমিনদের মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুলবে। এই বর্ণনাগুলো আমাদের মনে জান্নাতের প্রতি ভালোবাসা ও তৃষ্ণা জাগায় আর আমল বাড়াতে অনুপ্রাণিত করে। আসুন, দুনিয়ার ক্ষণস্থায়ী আকর্ষণ থেকে চোখ সরিয়ে জান্নাতের চিরস্থায়ী সৌন্দর্যের দিকে মনোযোগ দিই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর