আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তবে সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুর তোপের মুখে পড়েন তিনি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, টেবিলে ডাবের পানি পান করতে বসা শ ম রেজাউল করিমের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম রিবলুসহ বেশ কয়েকজন উচ্চবাচ্যে ক্ষোভ প্রকাশ করছেন।
এ সময় সফিকুল ইসলাম রিবলু বিগত ১৭ বছরের গুম, খুন এবং রাজনৈতিক নিপীড়নের প্রসঙ্গ তুলে ধরে রেজাউল করিমের কাছে জবাব চান।
সেই সঙ্গে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের কথা উল্লেখ করে বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হওয়া নির্যাতনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ছাত্রদল নেতা।
সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথম পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।
আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রথমে পূর্তমন্ত্রী এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সেই সঙ্গে একনেকেরও সদস্য হন তিনি।
তবে দ্বাদশ সংসদ নির্বাচনে এ কে এম এ আউয়াল আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু না পেয়ে স্বতন্ত্র পদে নির্বাচন করেন। পিরোজপুর-১ আসনে আবারও বিজয়ী হন শ ম রেজাউল করিম। তবে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে তার ব্যাপক লড়াই করতে হয়।
প্রতিনিধি/এলএ




