মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

তাণ্ডব ঠেকাতে প্রশাসনে শুদ্ধি অভিযান, মাঠ ছাড়বে না বিএনপি

বোরহান উদ্দিন
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

তাণ্ডব ঠেকাতে প্রশাসনে শুদ্ধি অভিযান, মাঠ ছাড়বে না বিএনপি
কোলাজ: ঢাকা মেইল

• আ.লীগের তাণ্ডবে গোপালগঞ্জ প্রশাসনে বড় রদবদল
• নাশকতা না থামালে হার্ডলাইনে যাবে সরকার, বাড়ছে গোয়েন্দা নজরদারি
• আ.লীগকে ‘ভুক্তভোগী’ সাজতে দেবে না সরকার 
• ভেদাভেদ ভুলে ঐক্যের নির্দেশ, মাঠে নেমেছেন এমপিরাও 

হঠাৎ করে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সশস্ত্র মহড়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার ও ক্ষমতাসীন দল বিএনপি। 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই নাশকতার ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরপরই জেলার ডিসি, এসপি ও তিন থানার ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যকার বিভেদ ভুলে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে আওয়ামী লীগের পাতা উসকানির ফাঁদে পা না দিয়ে সতর্ক ও কৌশলী অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন তিনি।

জানা গেছে, গণঅভ্যুত্থানে পালিয়ে ভারত যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে সম্প্রতি গোপালগঞ্জসহ আশপাশের কিছু এলাকায় প্রকাশ্যে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ধীরে ধীরে তাদের সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় সরকারও কঠোরতার দিকে যাওয়ার চিন্তাভাবনা করছে।

যেভাবে ছড়াল গোপালগঞ্জের অস্থিরতা

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়ের এক বছর পূর্তি (১৭ নভেম্বর) এবং ১৯ নভেম্বর ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে অস্থিরতা চলছে।

1

শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে লগি-বইঠা, লাঠিসোঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল ও সমাবেশ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স। এমনকি চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্র বলছে, পরিস্থিতি ঘোলাটে করতে আশপাশের ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরসহ বিভিন্ন জেলা থেকে সশস্ত্র ক্যাডারদের গোপালগঞ্জে জড়ো করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে ঢাকায় চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের পাশাপাশি গোপালগঞ্জকে কেন্দ্র করে বড় ধরনের অরাজকতা সৃষ্টির ছক কষা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে ২০২৫ সালের ১৭ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার জেরে সংঘর্ষ ও গুলিতে চারজনের মৃত্যু হয়েছিল।

প্রশাসনের শীর্ষ পদ থেকে থানা পর্যন্ত রদবদল

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই এমন তাণ্ডবের পর স্থানীয় প্রশাসন ও পুলিশের কিছু কর্মকর্তার অদক্ষতা এবং অসহযোগিতার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে উঠে আসে। গত দুই দিনে অনুষ্ঠিত দুটি উচ্চপর্যায়ের বৈঠকের পরপরই প্রশাসনে বড় রদবদলের সিদ্ধান্ত হয়।

ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে এবং হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করে ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।

এছাড়া ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা চিঠিতে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমানকে কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।

বিজিবি মাঠের নামার পর বদলাচ্ছে পরিস্থিতি 

এদিকে জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ১০ নভেম্বর তিন প্লাটুন এবং সর্বশেষ আরও তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠে নামানো হয়। বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান জানিয়েছেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিজিবি দায়িত্ব পালন করছে এবং জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয় এমন কোনো নাশকতা বরদাশত করা হবে না।

2

সোমবার বিজিবি মাঠে নামার পর কিছুটা স্বাভাবিক হতে শুরু করে গোপালগঞ্জের পরিস্থিতি। সাঁজোয়া যান ও ‘বডি–ওর্ন ক্যামেরা’ নিয়ে বিজিবির সদস্যরা শহরজুড়ে টহল দেওয়ায় খুলেছে অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান, সড়কে ফিরেছে যান চলাচল। তবে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে এই আশঙ্কায় পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন বলে জানা গেছে।

আ.লীগকে ‘ভুক্তভোগী’ হতে দেবে না সরকার

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের অন্য কোথাও সাংগঠনিক তৎপরতা না থাকায় আওয়ামী লীগ গোপালগঞ্জকেন্দ্রিক বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে উসকানি দিচ্ছে। তাদের লক্ষ্য বলপ্রয়োগে প্রাণহানি ঘটলে তা পুঁজি করে নিজেদের ‘ভুক্তভোগী’ হিসেবে উপস্থাপন করা। কিন্তু সরকার সেই সুযোগ দিতে চায় না।

আরও পড়ুন: শাবিপ্রবি থেকে অ্যামাজন হয়ে সুইসপোর্ট, জাপানে এক সফল বাংলাদেশির গল্প

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যসহকারে পরিস্থিতি সামাল দিচ্ছে; তবে তারা সীমালঙ্ঘন করলে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। 

সরকারের নীতিনির্ধারকদের তথ্যমতে, সরাসরি সংঘাতে না গিয়ে আগাম গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নাশকতায় অর্থের জোগানদাতাদের শনাক্ত করা, পাড়ামহল্লায় সতর্ক পাহারা ও জাতীয় ঐক্য গড়ে তোলা এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতকদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

এদিকে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে হার্ডলাইনে যাওয়ার ইঙ্গিত দিয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ জনপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর কড়া বার্তা, দেশজুড়ে সতর্ক পাহারা

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রোববার রাতে গুলশানে ফরিদপুর অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক নেতা ও সংসদ সদস্যদের ডেকে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

বৈঠকে গোপালগঞ্জসহ আশপাশের ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকার পরিস্থিতি ও আশপাশের জেলা থেকে ক্যাডার জড়ো হওয়ার বিষয়টি অবহিত করলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, রাজপথে কেউ অহেতুক অরাজকতা বা নাশকতা সৃষ্টি করলে সরকার ও দল তা কঠোরভাবে মোকাবিলা করবে।

3

এ সময় ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জের সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি আসনে বাড়তি সতর্কতা অবলম্বন এবং নেতাকর্মীদের নিয়ে মাঠে থাকার নির্দেশ দেন তিনি। 

বৈঠকে উপস্থিত ফরিদপুর অঞ্চলের এক সংসদ সদস্য ঢাকা মেইলকে জানান, দলের চেয়ারম্যান সব কমিটির ‘সুপারফাইভ’ নেতাদের এক হওয়ার নির্দেশ দিয়েছেন। বলেছেন, ‘কোনো গ্রুপিং আর চলবে না। ফ্যাসিবাদ ঠেকাতে পারলে বহু গ্রুপ করা যাবে। কিন্তু এখন দলে ভেদাভেদের সময় নয়। সবাইকে সঙ্গে নিয়ে মোকাবিলা করতে হবে।’ তবে কোনো উসকানিতে পা না দিয়ে নেতাকর্মীদের কৌশলী থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সোমবার শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন এবং ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম বাবুল নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমেছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবেন।

সার্বিক পরিস্থিতিতে বিএনপির অবস্থানের কথা জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ডিসেম্বরজুড়ে রাজপথে চূড়ান্ত সতর্ক থাকবেন বিএনপির সর্বস্তরের নেতা-কর্মী। কোনো নির্দিষ্ট কর্মসূচি দিয়ে সীমাবদ্ধ থাকা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত পাহারার অংশ হিসেবে এ মহড়া চলমান থাকবে। শুধু ঢাকা নয়, সারাদেশের পাড়ামহল্লায় নেতাকর্মীরা সতর্ক থাকবেন। নাশকতার তৎপরতা নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাৎক্ষণিক খবর দেবে। কারণ আওয়ামী লীগ আবারও হত্যার নেশায় মেতে উঠতে চায়। সেই সুযোগ দেওয়া যাবে না।’

বিইউ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর