অগ্নিসন্ত্রাস, গুম-খুন ও সহিংস রাজনীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। ২০২৪ সালের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও সহিংস রাজনীতির বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগরে মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়। বাংলাদেশের মানুষ আর সেই অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে যেতে চায় না।’
তিনি বলেন, দেশের মানুষ আর গুম-খুন, ভোট দখল ও ক্ষমতা ধরে রাখার রাজনীতি দেখতে চায় না। মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। অতীতের সহিংস রাজনীতির পুনরাবৃত্তি রোধে গণতন্ত্রের পক্ষে থাকা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেড় হাজারের কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছে এবং ৬০ জন শিশুও প্রাণ হারিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরও একটি পক্ষ আবার অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই রাজনীতি করতে চাই।’
দেশের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের রাজনীতির অন্যতম লক্ষ্য হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পায়ন এবং মানুষের ভাগ্যের পরিবর্তন। এসব লক্ষ্য বাস্তবায়নে দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
লালমনিরহাটের মানুষের রাজনৈতিক অবস্থানের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। আগামী দিনেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে হেলিকপ্টারে লালমনিরহাটে পৌঁছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
সেখানে তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে, ইনশাআল্লাহ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে দেশের তরুণ প্রজন্ম যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রয়োজন একটি কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই পরিবেশ তৈরিতে কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
দিনব্যাপী সফরের শেষ পর্যায়ে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সামাজিক পরিবর্তন, জনসম্পৃক্ততা ও জেলার উন্নয়ন সম্ভাবনাকে সামনে রেখে নেওয়া এ উদ্যোগের কার্যক্রমেও অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে লালমনিরহাটজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। জেলার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান এবং কৃষি ও শিল্পের বিকাশ নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে স্থানীয় মানুষের মধ্যে।
প্রতিনিধি/এআর




