ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। এ জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে ফ্যাসিবাদ প্রতিহতের নামে গাড়ি পোড়ানো বা মানুষ হত্যার মতো সহিংসতার পথে জামায়াত যাবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে বর্তমানে তিনটি বিষয় জাতীয়ভাবে আলোচিত এবং জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন না করা, তৈরি পোশাকশিল্পের সংকট এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা।
তিনি বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের রায়কে উপেক্ষা করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। বিরোধী দলকে পাশ কাটিয়ে গণরায়ের প্রতি অবজ্ঞা দেখানোর কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সংসদেও এ সংকটের সমাধান হচ্ছে না, রাজপথেও আন্দোলন অব্যাহত রয়েছে। সরকার দ্রুত বিষয়টি উপলব্ধি করে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটের রায় অস্বীকার করায় জনগণের একটি বড় অংশ সরকারের ওপর আস্থা হারাচ্ছে। ফলে জাতীয় ও জনজীবনের বিভিন্ন সংকট মোকাবিলায় সরকার জনগণের সমর্থন পাচ্ছে না। জাতীয় সংকট নিরসনে সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে রাজনৈতিক ঐক্য প্রয়োজন হলেও সরকার সেই পথ এড়িয়ে যাচ্ছে।
তৈরি পোশাকশিল্পের সংকট প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং মালিকদের শিল্প টিকিয়ে রাখার চেষ্টার মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি। সব মিলিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর, জামায়াতের নেতাকর্মীদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটছে। এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। জামায়াতের কাছে আসা তথ্য অনুযায়ী, প্রায় ২২টি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ বাড়ছে।
তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত।
জাতীয় সংকট মোকাবিলায় জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি। সরকারের উচিত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করা এবং রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়া।
৪০ দিনের কর্মসূচিতে সমাবেশ, মিছিল ও আলোচনা সভা
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার নিজেই লিখিত কর্মসূচি পড়ে শোনান। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, আন্তর্জাতিক দিবস পালন, বিভিন্ন পেশাজীবীর সম্মেলন, আলোচনা সভা এবং সামাজিক কার্যক্রম।
কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর শনিবার দুপুর সোয়া ১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। একই দাবিতে ২৫ নভেম্বর ঢাকাসহ দেশের বাইরে ১১টি মহানগরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন করা হবে। ২৬ নভেম্বর দেশের সব জেলা সদরে এবং ৩০ নভেম্বর দেশব্যাপী উপজেলা ও থানা সদরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি।
এ ছাড়া ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা, ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা এবং ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত।
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা এবং ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর কর্মসূচি পালন করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী বিজয় র্যালির আয়োজন করা হবে। পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
এ ছাড়া ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়া হবে। এসব কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর সহযোগিতা কামনা করেছে দলটি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ২০২৬ সালে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পরও বছর শেষ হওয়ার আগে রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে হচ্ছে। দেশ গঠনের কাজে মনোযোগ দেওয়ার পরিবর্তে জনগণকে রাজপথে থাকতে হচ্ছে, যা জামায়াত কামনা করেনি। সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো বা মানুষ হত্যা করা নয়। জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। এ ক্ষেত্রে জনগণই তাদের সবচেয়ে বড় শক্তি।
তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ ছাত্র-জনতা ও শিশুদের হত্যার ঘটনা দেশের মানুষ ভুলে যায়নি। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা, লাশ পুড়িয়ে ফেলা এবং হাজার হাজার মানুষকে আহত করার ঘটনাও জনগণের স্মৃতিতে রয়েছে। এসব ঘটনার পুনরাবৃত্তি বা ফ্যাসিবাদের পুনর্বাসন দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশে ফ্যাসিবাদকে আবারও মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
আন্দোলনে ১১ দলীয় জোটের অংশগ্রহণের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে জোটের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে প্রতিটি শরিক দল নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে। জামায়াতের কর্মসূচি দলীয়ভাবেই পালিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় যে পরিস্থিতিতে সবাই এক মঞ্চে এসেছিল, সেই পরিস্থিতির সমাধান না করে আবারও একই মঞ্চে যাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের ভেতরে ফ্যাসিবাদের অনুসারীরা ঘাপটি মেরে রয়েছে বলে অভিযোগ করে জামায়াতের এই নেতা বলেন, সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তর, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন জায়গায় এমন ব্যক্তিরা রয়েছেন। তাদের শনাক্ত করে সরকারি দায়িত্ব থেকে সরানো না হলে সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এইচ এম হামিদুর রহমান আজাদ ও মাওলানা আবদুল হালিমসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
টিএই/এআরএম




