বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ জুলাইয়ের সব শক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে ঐক্যবদ্ধ জুলাইয়ের সব শক্তি
  • সংসদের ভেতরে-বাইরে গণতান্ত্রিক শক্তিকে এক মঞ্চে চান প্রধানমন্ত্রী
  • ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে ঐক্যবদ্ধভাবে সহিংসতা মোকাবিলার সিদ্ধান্ত
  • জনগণকে সঙ্গে নিয়ে অহিংস আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত
  • যেকোনো মূল্যে আওয়ামী অপশক্তিকে রুখে দেওয়ার ঘোষণা ১১ দলের
  • আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতা কঠোরভাবে দমনের দাবি এনসিপির
  • জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে জুলাইয়ের চেতনা ও গণভোটের রায়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক নাশকতা, অগ্নিসংযোগ, হামলা ও সহিংসতা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার অবস্থান নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো। সংসদের ভেতরে ও বাইরে ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক দলকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে সহিংস পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ দলীয় ঐক্য, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলও জনগণকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যের তাগিদ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ও বিএনপির সংসদ সদস্যদের বাড়িঘরে হামলা, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ এবং রাজধানীসহ বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক দলগুলোর অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এসব সহিংসতা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পতিত আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশকে আবারও তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্তে লিপ্ত হয়েছে পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ও বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত এই শক্তি আবারও দেশ ও জনগণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তাদের পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে দাঁড়াতে হবে।

সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী সব গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা অন্যান্য গণতান্ত্রিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তার বক্তব্যে সমর্থন জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, তাবেদার অপশক্তির বিরুদ্ধে আজ থেকে তিন দশক আগে দেশনেত্রী খালেদা জিয়া যে আওয়াজ তুলেছিলেন, আজও সেই আওয়াজ তুলতে হবে। ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’—এই প্রত্যয়কে সামনে রেখে স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। এসময় বিরোধী দলীয় নেতা বলেন, দেশে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যে দুর্বলতা ও ফাটল তৈরি হওয়ায় ফ্যাসিবাদীরা সেই সুযোগ নিচ্ছে। এই সংসদ প্রত্যাশার একটা সংসদ। দুটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। একটি নির্বাচনের বাস্তবায়ন হয়েছে, আরেকটি হয়নি। আমরা মনে করি যে, সমস্যা এখন ফ্যাসিবাদীদের আস্ফালন, এইটা হওয়ার এইটাও একটা কারণ। আমাদের ঐক্যের জায়গায় দুর্বলতা তৈরি হওয়ার কারণে, ফাটল সৃষ্টি হওয়ার কারণে ওরা সুযোগ নিচ্ছে। আমরা তো সকলেই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম, একই লাইনে ছিলাম, একই দর্শনে ছিলাম। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, দেশের বৃহত্তর স্বার্থে এই জায়গাটায় ফিরে আসুন।’

প্রধানমন্ত্রীর আহ্বানের মধ্যেই বুধবার মাগরিবের নামাজের আগে সংসদ ভবনে তার কার্যালয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই নেতা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বৈঠকে অন্য কেউ উপস্থিত ছিলেন না বলে জামায়াতের একজন সংসদ সদস্য জানিয়েছেন।

বৈঠকে জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে দেশের বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে দুই নেতা একমত হন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা এসব বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন।

এদিকে ফ্যাসিবাদকে রাজপথে দাঁড়াতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা হবে। এ জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে ফ্যাসিবাদ প্রতিহতের নামে গাড়ি পোড়ানো কিংবা মানুষ হত্যার মতো সহিংসতার পথে জামায়াত যাবে না।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে দলের ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমানে দেশে তিনটি বিষয় জাতীয়ভাবে আলোচিত এবং জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করেছে। এগুলো হলো গণভোটের রায় বাস্তবায়ন না করা, তৈরি পোশাকশিল্পের সংকট এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতা।

গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করে সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তার দাবি, বিরোধী দলকে পাশ কাটিয়ে গণরায়ের প্রতি অবজ্ঞা দেখানোর কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সংসদে এই সংকটের সমাধান হচ্ছে না, রাজপথেও আন্দোলন অব্যাহত রয়েছে। সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িঘর, জামায়াতের নেতাকর্মীদের বাসাবাড়ি এবং ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা হচ্ছে। এসব ঘটনা এখন আর শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। জামায়াতের কাছে আসা তথ্য অনুযায়ী, প্রায় ২২টি জেলায় সংঘাতের ঘটনা ঘটেছে। চাঁদাবাজি, হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ বাড়ছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। জাতীয় সংকট মোকাবিলায় জনগণের মধ্যে ঐক্য গড়ে তোলা জরুরি। সরকারের উচিত জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করা এবং রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়া।

একই দিনে প্রধান বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকেও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিবাদী পরাজিত অপশক্তি জনগণের ব্যাপক ক্ষতির মধ্য দিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, দেশে জ্বালাও-পোড়াও করে ফ্যাসিবাদ তাদের প্রকৃত পরিচয় দেশ-বিদেশের মানুষের কাছে প্রকাশ করছে। যেকোনো মূল্যে পরাজিত এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। এ জন্য জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে গড়ে ওঠা ঐক্য আবারও শক্তিশালী করতে হবে।

মামুনুল হক বলেন, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ফ্যাসিবাদীদের মোকাবিলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণ করতেই তারা বৈঠকে বসেছেন। আধিপত্যবাদী শক্তির ক্রীড়ানক পরাজিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ অবস্থানের মাধ্যমে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে।

জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিকে বাংলাদেশের রক্ষাকবচ হিসেবে উল্লেখ করেন তিনি। তার মতে, সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে বাংলাদেশ দুর্বলতার দিকে ঠেলে পড়বে। জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়নই ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি, যা গণভোটের মাধ্যমে জনগণের রায় হিসেবে প্রতিফলিত হয়েছে। গণভোটের রায় কার্যকর না করাই বর্তমান পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ বলে মনে করেন তিনি।

মামুনুল হক বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী অপশক্তিকে বিতাড়িত করেছিল, আবারও সেই ঐক্যের জানান দিতে হবে। নৈরাজ্যের মাধ্যমে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে কোনো দেশ বা জাতিকে পরাস্ত করা যাবে না।

এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমেই এসব অপতৎপরতা মোকাবিলা করতে হবে।

সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা জানান মামুনুল হক। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ যেসব নাগরিক সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন, যাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যাদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের প্রতি ১১ দলীয় ঐক্য সহমর্মিতা প্রকাশ করছে। সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে বিরোধী দলের সাড়া দেওয়ার বিষয়টিও তুলে ধরেন মামুনুল হক। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা সরকারপ্রধানের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন। তবে জাতীয় ঐক্যের প্রধান ভিত্তি হতে হবে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করা। গণরায় উপেক্ষা করার অবস্থান থেকে সরকার সরে এসে জনগণকে সঙ্গে নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, কয়েক দিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচারের অপতৎপরতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ অস্থিরতার মধ্যে পড়েছে। পুরো জাতি নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সরকারের প্রধান দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখা। কিন্তু সরকারের নেওয়া পদক্ষেপ যথেষ্ট দৃশ্যমান বা যথার্থ ছিল না বলে অভিযোগ করেন তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। সেই সুযোগে অপতৎপরতাকারী ও ষড়যন্ত্রকারীরা শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে। তবে দেশের জনগণ জীবন দিয়ে হলেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে। ক্ষমতায় কে থাকবে, সেটি এই মুহূর্তে মুখ্য নয়; জনগণের নিরাপত্তা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, হামলা ও নাশকতা কঠোরভাবে দমনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি বলেছে, ধারাবাহিক পেট্রলবোমা নিক্ষেপ, অগ্নিসন্ত্রাস, মানুষ পুড়িয়ে হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

এনসিপির অভিযোগ, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া প্রকাশ্য নির্দেশেই দেশের ভেতরে নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

সব মিলিয়ে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর বক্তব্যে কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান স্পষ্ট হচ্ছে। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্য ধরে রাখা—এসব বিষয়কে গুরুত্ব দিচ্ছে সরকার ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর