পাঁচ আগস্টের মধ্যে শেখ হাসিনার ক্ষমতার মসনদ ধূলিসাৎ হয়ে যায় এবং তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। কিন্ত রক্তপিপাসু স্বৈরাচার ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলেও তার রক্তের তৃষ্ণা এখনো মেটেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি শাখা ছাত্রদল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর ধরে মানুষের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থার অনিয়ম এবং রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেন তারা।
সাবেক এই রাকসু ভিপি বলেন, শেখ হাসিনার শাসনামলে মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছিল। চতুষ্পদ জন্তু ভোটকেন্দ্রে ঘোরাফেরা করতো। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। কখনো মধ্যরাতের নির্বাচন, আবার কখনো ‘আমি-ডামি’ নির্বাচনের মাধ্যমে একের পর এক বিতর্কিত নির্বাচনের নজির তৈরি করা হয়েছে। এসব নির্বাচন মডেল সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
রাবি শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে নেতৃত্বের ভূমিকা পালন করেন। তার নেতৃত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম এগিয়ে যায়।
রাহী বলেন, বিএনপির চেয়ারম্যান ও রাজনৈতিক অভিভাবক তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। পলাতক শেখ হাসিনার সমর্থকরা দেশকে অস্থিতিশীল করা এবং জাতীয় সম্পদ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
রাবি শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা শক্তিশালী করা সম্ভব নয়। অন্যদিকে, জনগণের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা সম্ভব।
৭ নভেম্বরের তাৎপর্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শুধু অতীতের একটি ঐতিহাসিক ঘটনা স্মরণের দিন নয়; বরং জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল, যার ঐতিহাসিক মূল্যায়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এফএ




