সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন এলএনজি টার্মিনালে অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে: সংসদে আখতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

নতুন এলএনজি টার্মিনালে অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে: সংসদে আখতার
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি: সংগৃহীত

নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লোপাটের সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী জোটের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে রাখা এক সম্পূরক প্রশ্নে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কাজ পাওয়া চীনা কোম্পানিটি দৈনিক ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দুটি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ ২ লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির ২ লাখ ৪৯ হাজার ডলার।

তিনি আরও বলেন, বর্তমান দুটি টার্মিনালের মেয়াদ শেষ হলে এগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনালটি নির্মাণকারী কোম্পানির সঙ্গে ১৫ বছরের চুক্তি শেষে এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না।

আখতার হোসেন বলেন, নতুন প্রকল্পের প্রস্তাব কয়েক মাস আগে একই ভাষা ও একই পদ্ধতিতে সংসদের একজন সদস্যের নাতির একটি কোম্পানির পক্ষ থেকেও উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়। পরে নতুন করে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান দুটি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের বিষয়গুলো অনুপাতে বিশ্লেষণ করলে নতুন টার্মিনালে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অর্থ লোপাটের সুযোগ তৈরির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মাননীয় স্পিকার, এটি এই প্রশ্নের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করছি, আপনি বিষয়টি আলাদাভাবে প্রশ্ন করে নিয়ে আসেন, এ বিষয়ে নোটিশ দেন। সঠিক উত্তর দেওয়া হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর