যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনূসের প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাশীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনার লেলিয়ে দেওয়া কিছু পাণ্ডা। ফ্যাসিস্ট হাসিনার পাণ্ডাদের কর্তৃক ড. ইউনুসকে হেনস্তা বাংলাদেশ থেকে পলায়ন করা পতিত ফ্যাসিস্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করি।
তিনি বলেন, ড. ইউনূসের প্রতি এই অসম্মানজনক আচরণ পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই জেএফকে বিমানবন্দরে প্রফেসর ইউনূসের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না, তিনি নোবেল লরিয়েট ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে তার প্রতি অসদাচরণই করা হয়নি, বরং বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে। আওয়ামী দুঃশাসনে দেশ ছিল গুম-খুন ও গুপ্তহত্যার এক অরাজক পরিস্থিতি। সেই অপশাসনের সহযোগী দুস্কৃতিকারীরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছেন এবং তারাই ড. ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারনাকে আরও বেশি পাকাপোক্ত করলেন যে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনো আগের মতোই অব্যাহত। আর সে কারণেই তিনি নিজেদের কর্মীদেরকে দেশে-বিদেশে উস্কানি দিচ্ছেন এবং বাংলাদেশেও নানামুখী সন্ত্রাসী কর্মকাণ্ডকে মদদ দিচ্ছেন বলে বাংলাদেশের জনগণের কাছে তা প্রতিনিয়ত স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।
আওয়ামী দুস্কৃতিকারীদের কর্তৃক জেএফকে বিমানবন্দরে ড. মোহাম্মদ ইউনূসের প্রতি অসৌজন্যমূলক আচরণের ঘটনার ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
এসআই




