মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম

শেয়ার করুন:

এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে আসছে বড় পরিবর্তন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন শীর্ষ নেতা

জুলাই বিপ্লবীদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দলটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার পদ ও দায়িত্বে পরিবর্তন আসতে পারে। 

তবে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল থাকছেন। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

দলটির একাধিক শীর্ষ নেতার বরাতে এমন তথ্য জানা গেছে। 

আগামী দু-একদিনের মধ্যে কমিটি পুনর্গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।

দলীয় সূত্রের বরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে দায়িত্ব পালন করছেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী রয়েছেন মুখ্য সমন্বয়কের দায়িত্বে। কমিটি পুনর্গঠনের পর তাদের দুজনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হতে পারে।

এছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করার বিষয়ে আলোচনা চলছে। নতুন দায়িত্বের পাশাপাশি তাকে দলের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্বও দেওয়া হতে পারে।

সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সারজিস আলমকে সহযোগিতা করতে পারেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।

অন্যদিকে বর্তমানে দলের মুখপাত্রের দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে নতুন কমিটিতে তিনি কোন দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কমিটি পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আত্মপ্রকাশের দিন অন্তর্র্বতী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরে ওই কমিটিতে দুই শতাধিক নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়।

দলটির কাউন্সিল আয়োজনের প্রস্তুতিও চলছে। কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের কথা থাকলেও তার আগেই শীর্ষ নেতৃত্বের দায়িত্বে পরিবর্তন আসার আলোচনা শুরু হয়েছে।

তবে নতুন কমিটির পদবিন্যাস ও দায়িত্ব বণ্টনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এনসিপি।

এমএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর