যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে ডা. তাহের বলেন, নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের দোসররা কদর্য ও অশালীন ভাষা ব্যবহার করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করেছেন। এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও অত্যন্ত নিন্দনীয়। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বিশ্ববাসীর কাছে সম্মানিত নোবেলজয়ী ড. ইউনূসকে হেনস্তার মাধ্যমে বাংলাদেশের সব নাগরিক এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বদরবারে অপমানিত ও খাটো করা হয়েছে। দেশের মান-মর্যাদা বিশ্বদরবারে সমুন্নত রাখতে বিদেশের মাটিতে দেশের সম্মানিত ব্যক্তিদের সঙ্গে এ ধরনের নিন্দনীয় আচরণ কারও জন্যই সমীচীন নয়। এ ধরনের আচরণ থেকে সবাইকে বিরত থাকা উচিত।
ডা. তাহের আরও বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিতাড়িত হয়ে বিদেশের মাটিতে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিদেশে অবস্থানরত প্রবাসী ও সফররত দেশপ্রেমিক বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করছে।
তিনি বলেন, দেশের শান্তিপ্রিয় মানুষ ও প্রবাসী বাংলাদেশিরা সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপ নেওয়া উচিত।
টিএই/এসআই




