রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

এমপি পদ ছেড়ে দেবেন ফজলুর রহমান, যদি…

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

এমপি পদ ছেড়ে দেবেন ফজলুর রহমান, যদি…
অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের বিচার নিশ্চিত করতে না পারলে সংসদ সদস্য (এমপি) পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অ্যাডভোকেট ফজলুর রহমান জানান, জাহাঙ্গীর হত্যা মামলার তদন্তে তিনি এখন পর্যন্ত কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে। তাদের পরামর্শ অনুযায়ী তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন।

আরও পড়ুন

কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, ফজলুর রহমানের শোক

বিএনপির আলোচিত এই নেতা বলেন, আমি অপেক্ষা করছি। তারা যদি হত্যার রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে আমি যেখানে যাওয়ার সেখানে যাব। বাংলাদেশে এমন কোনো উঁচু জায়গা নেই, যেখানে আমার নাগাল নেই। জাহাঙ্গীর হত্যার প্রকৃত রহস্য আমি বের করবই। যদি এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি এমপিগিরি ছেড়ে দেব।

বক্তব্যের এক পর্যায়ে জামায়াতে ইসলামীর সমালোচনা করে ফজলুর রহমান বলেন, আরেকটা শয়তানের পার্টি আছে। এ পার্টির নাম স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী।

Fazlu2
জাহাঙ্গীর আলমের স্মরণসভায় ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

গত নির্বাচনের ফলাফল উল্লেখ করে তিনি দাবি করেন, মিঠামইন থানায় জামায়াতে ইসলামী ২৪ হাজার ভোট পেয়েছে। এ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মিঠামইনে জামায়াত কোথা থেকে এলো? কে জামায়াতকে ভোট দিল? কারা তাদের সঙ্গে মিলল?

শোকসভায় কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির সভাপতি মো. আমিনুল ইসলাম আশফাক, ইটনা উপজেলা বিএনপির নেতা ঠাকুরসহ জেলা ও উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তাপ, বিশৃঙ্খলায় স্পিকারের ভর্ৎসনা

প্রসঙ্গত, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বিএনপির কোন্দলেই এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে, যাদেরকে ভাড়া করা খুনি বলে দাবি করছে পুলিশ।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর