‘ব্যবসা করি, বিকাশে টাকা পয়সার লেনদেন নিয়মিত। কিন্তু দুই দিন ধরে আমার চারটে একাউন্টের সবগুলোই বন্ধ হয়ে গেছে, ব্যবসাও বন্ধ।’- এভাবেই বলছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা চন্দন সরকার।
হঠাৎ করেই মোবাইল ব্যাংকিং সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় তার মতো ভোগান্তিতে পড়েছেন গোপালগঞ্জ জেলার অনেকেই। সরকারি বরাদ্দ এবং রেল চলাচল বন্ধ নিয়ে নানা আলোচনার মধ্যেই এবার গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সার্ভিস বা এমএফএস বন্ধের অভিযোগ উঠেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ জেলার বাসিন্দাদের অনেকেই বুধবার রাত থেকে বিকাশ এবং নগদের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো ব্যবহার করতে পারছেন না।
জেলার স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, কারো কারো অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে, আবার অ্যাকাউন্ট চালু থাকলেও অর্থ লেনদেন করতে পারছেন না অনেকে।
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে এই জটিলতা কেন তৈরি হলো? আর এর পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কিনা, এমন নানা প্রশ্ন সামনে আসছে।
এ নিয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও আসেনি। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে, কোনো অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হলে এমএফএস প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
এই সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কোনো নির্দেশনা দেয়নি বলেও দাবি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের। আর এই পরিস্থিতিকে স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই উল্লেখ করছে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
তারা বলছে, যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ সন্দেহজনক লেনদেনের তথ্য পাঠায়, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়।
উল্লেখ্য, গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ-সহিংসতায় গোপালগঞ্জ প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল। পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর জের ধরে, ডিসি ও পুলিশ সুপার রদবদলের ঘটনাও ঘটেছে।
ভোগান্তিতে পড়েছেন অনেকেই
'স্যার/ম্যাডাম, এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছেনা বলে দুঃখিত।'
গত দুই দিনে গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সার্ভিস- বিকাশ এর অনেক গ্রাহকের ফোনেই এই বার্তাটি এসেছে। নগদ ও রকেটের মতো অন্য সেবাদাতা প্রতিষ্ঠানের লেনদেন নিয়েও গোপালগঞ্জের গ্রাহকরা সমস্যার সম্মুখিন হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এই পরিস্থিতি গোপালগঞ্জের সাধারণ মানুষকে বিপাকে ফেলেছে। মোবাইল ব্যাংকিং সার্ভিসের ওপর নির্ভরশীল হওয়ায়- চিকিৎসা, শিক্ষাসহ নানা জরুরি প্রয়োজনে অর্থ লেনদেন করতে পারছেন না অনেকেই।
‘আমার ছেলেডা ঢাকায় থাকে, ওর জন্য জরুরিভাবে টাকা পাঠানো দরকার কিন্তু ছয়ডা দুকান ঘুরেও ঢাকা পাঠাতে পারিনি, আইজ শুক্রবার ব্যাংকও বন্ধ!’, বলেন গোপালগঞ্জের মুকসুদপুরের একজন বাসিন্দা।
বুধবার সন্ধ্যার পর থেকেই গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সার্ভিসের এই অবস্থা। কারো অ্যাকাউন্ট বন্ধ, আবার কারো অ্যাকাউন্ট সচল থাকলেও, অর্থ লেনদেন সীমাবদ্ধ।
টুঙ্গিপাড়ার স্থানীয় বাসিন্দা সজল সরকার বলছেন, ওই এলাকায় বিকাশ বা নগদের যেসব অ্যাকাউন্ট এখনও চালু আছে, সেগুলোতে মোবাইলের মাধ্যমে লেনদেন করা গেলেও, এজেন্টরা নগদ টাকা দিতে পারছেন না।
‘যাদের অ্যাকাউন্ট চালু আছে, তাদের অনেকে ক্যাশ আউট করতে পারছেন কিন্তু নগদ টাকা হাতে পাচ্ছেন না। এজেন্টরা বলছে যে, ভাই টাকা দিতে পারো কিন্তু কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত নগদ টাকা দিতে পারবো না’, টুঙ্গিপাড়ার ওই বাসিন্দা।
গোপালগঞ্জ সদর, কাশিয়ানি, টুঙ্গিপাড়া এবং মুকসুদপুরের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে বুধবার থেকে শুরু হওয়া জটিলতা শুক্রবার বিকেল পর্যন্ত আরও প্রকট আকার ধারণ করেছে।
কাশিয়ানির স্থানীয় গণমাধ্যমকর্মী পরশ উজির বলেন, ‘টাকা লেনদেন করতে না পেরে কেউ কেউ চরম দুর্ভোগে পড়েছেন। আবার যাদের অ্যাকাউন্ট সচল আছে, তাদের অনেকে আতঙ্কে পুরো টাকা একবারে তুলে ফেলছেন।’
এই পরিস্থিতির কারণ কী?
গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার দুইজন বাসিন্দা, বর্তমানে যাদের একজন ঢাকায় এবং অন্যজন খুলনায় বসবাস করছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে তাদের দুজনেরই মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে।
তবে, গোপালগঞ্জ জেলায় রয়েছেন এমন অনেকের অ্যাকাউন্ট এখনও চালু আছে। ফলে কী বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে? গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সেবায় জটিলতা তৈরি হওয়ার কারণ কী? আর কাদের অ্যাকাউন্টই বা কেন বন্ধ করা হয়েছে, এই প্রশ্নগুলো উঠছে।
সম্প্রতি রাজনৈতিক নানা কারণে আলোচনায় রয়েছে গোপালগঞ্জ জেলা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ- সহিংসতায় ক্ষতিগ্রস্ত দুটি থানাসহ সরকারি স্থাপনা যেভাবে আছে, সেভাবেই রেখেছে প্রশাসন।
একইসঙ্গে, ওই জেলার সাথে সংযোগকারী ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দও আপাতত স্থগিত রাখার কৌশল নিয়েছে সরকার।
এমন প্রেক্ষাপটে গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার বিষয়টিকে রাজনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকে।
মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কি বলছে?
যদিও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ীই পদক্ষেপ নিয়েছেন তারা।
প্রতিষ্ঠানগুলো বলছে, এমএফএস বিধিমালা অনুযায়ী সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়, এটি নতুন কোনো বিষয় নয়।
তাদের ভাষ্য মতে, এই পদক্ষেপ নেওয়া হয় অভিযোগ থাকা সুনির্দিষ্ট অ্যাকউন্টের বিরুদ্ধে। এক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো জেলা ধরে সার্ভিস বন্ধ করার সুযোগ নেই।
বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।’
গোপালগঞ্জের বাসিন্দা কিংবা ওই জেলার ঠিকানা ব্যবহার করে খোলা বিকাশ অ্যাকাউন্ট আলাদাভাবে বন্ধ করার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটিগুলো।
মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার সময় একজন গ্রাহক তার নিজের ঠিকানা, বর্তমান ঠিকানা ও কর্মস্থলের ঠিকানা দিয়ে থাকেন। এছাড়া অ্যাকাউন্ট খোলার পরে গ্রাহক তার ঠিকানা পরিবর্তনও করতে পারেন।
ফলে অ্যাকাউন্টটি গোপালগঞ্জের, নাকি ঢাকার সেটি সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষে আলাদা করে চিহ্নিত করা সম্ভব নয় বলেই দাবি প্রতিষ্ঠানগুলোর।
কোনো অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কারণ হিসেবে, গ্রাহকের দাবি, নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্যাংকের পক্ষ থেকে অভিযোগ বা কখনও আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধের কথা বলছেন তারা।
প্রতিষ্ঠানগুলোর ভাষ্য মতে, তদন্তে কোনও সমস্যা না পাওয়া গেলে অ্যাকাউন্টটি পুনরায় চালু করে দেওয়া হয়।
মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মুখপাত্র সজল জাহিদ বলছেন, যেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ সন্দেহজনক লেনদেনের তথ্য পাঠায়, সেই অ্যাকাউন্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, ‘আমরা বুঝতে পারি না যে, এটা কোন জিও লোকেশনের। নগদের টেকনোলজিতে সেটা বোঝার সুযোগ নেই। ফলে এলাকাভিত্তিক কোনো ধরনের সেবা আমরা বন্ধ করিনি।’
বাংলাদেশ ব্যাংক-ই বা কী বলছে?
তাহলে গোপালগঞ্জ জেলায় মোবাইল ব্যাংকিং সার্ভিস নিয়ে যে জটিলতার অভিযোগ উঠেছে, তার কারণ কী, আর এ নিয়ে বাংলাদেশে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা- বাংলাদেশ ব্যাংক-ই বা কী বলছে?
পুরো বিষয়টিকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।
সন্দেহজনক লেনদেন শনাক্ত হলে এমএফএস প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধ করতে পারে বলেই গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
এক্ষেত্রে গোপালগঞ্জ জেলার জন্য আলাদা কোনো নির্দেশনা নেই বলেও দাবি তার।
আরিফ খান বলেন, ‘যে সকল ট্রানজেকশন তাদের কাছে সন্দেহজনক মনে হয়, সেগুলোর ব্যাপারে রিপোর্ট করে অথবা ব্যবস্থা নেয়। এমএফএস প্রতিষ্ঠানগুলোর কাছে মনে হয়েছে যে, তাদের কিছু অ্যাকাউন্টে লেনদেনগুলো অস্বাভাবিক, এই কারণেই তারা বন্ধ করে দিয়েছে।’
এই সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। সূত্র- বিবিসি বাংলা
এএম




