গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। থানা ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র-গোলাবারুদ লুটের ঘটনায় পুলিশের করা মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৮ হাজার জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে, নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির করা মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। দুই মামলায় মোট আসামির সংখ্যা ১৩ হাজার ৩৪ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম এবং বিজিবির কর্মকর্তা মো. শুকুর আলী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এতে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৮ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখকে ১ নম্বর এবং সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ইলিয়াস সরদারকে ২ নম্বর আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা অন্য আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিএম তাওফিক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল শেখ ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস। এ ছাড়া সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন শেখ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাস এবং টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি শামছুল হকসহ ২৬ জনের নাম রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানা কম্পাউন্ডে প্রবেশ করে হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য ও সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। পরে থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এজাহারে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিস্তারিত বিবরণও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ এবং দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল। এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের অভিযোগ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য প্রায় তিন কোটি টাকা। অস্ত্র ও গোলাবারুদ ছাড়াও থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি যানবাহনসহ বিভিন্ন সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে প্রায় ২১ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন নিলফা খালেক বাজার এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিলফা খালেক বাজার এলাকায় সংঘবদ্ধ একটি দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেআইনিভাবে জড়ো হয়। এ সময় সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার পাশাপাশি কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে বিজিবি সদস্য ও সাধারণ মানুষ আহত হন। একই সঙ্গে সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বিজিবির মামলাটির তদন্তকারী কর্মকর্তা মো. শুকুর আলী। পুলিশ ও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথক দুই মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়ায় সহিংসতার এসব ঘটনা ঘটে। থানা ও নিলফা খালেক বাজার এলাকায় হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে দুই মামলার এজাহারে উল্লিখিত অভিযোগগুলো তদন্তাধীন। অভিযোগের সত্যতা এবং আসামিদের দায় আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
প্রতিনিধি/ এজে




