গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক গ্রাহক টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর এ সমস্যা চলায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে বা পাঠাতে গিয়ে অনেককে এজেন্ট পয়েন্ট থেকে ফিরে যেতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে গোপালগঞ্জে ৯৭টি হিসাব বন্ধ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বাইরে আরও অনেক হিসাব সাময়িকভাবে ব্লক করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বুধবার রাত থেকে গ্রাহকদের মোবাইলে অ্যাকাউন্ট বন্ধের বার্তা আসতে শুরু করে। এতে অনেকের হাজার থেকে লাখ টাকা আটকে গেছে।
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষে সেগুলো চালু করা বা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
নগদের মুখপাত্র জাহিদুল ইসলাম সজল বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করার তথ্য তাদের কাছে নেই। নগদ কোনো এলাকার সেবা বন্ধ করেনি। বিএফআইইউর নির্দেশনা অনুযায়ী সন্দেহজনক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হিসাবের বিষয়ে নিয়মিত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে গ্রাহকের স্থায়ী ঠিকানা বা তিনি কোন এলাকায় অবস্থান করছেন, তা বিবেচ্য নয়।
তবে গোপালগঞ্জের অনেক গ্রাহক বুধবার রাত থেকেই বিকাশের অ্যাকাউন্ট সাময়িক বন্ধের বার্তা পেয়েছেন। বার্তায় বলা হয়েছে, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
আরও পড়ুন: গোপালগঞ্জে অস্থিরতা: খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে বিকাশের প্রায় ১ হাজার ৪০০ এবং নগদের ১ হাজার ৭৫০ এজেন্ট রয়েছেন। উপায় ও রকেটের গ্রাহক তুলনামূলক কম। এসব এজেন্টের মাধ্যমে জেলার পাঁচ উপজেলায় প্রতিদিন প্রায় ২০ কোটি টাকার লেনদেন হয়।
বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ শহরের মুন্সি মার্কেটের তৃতীয় তলায় বিকাশের ডিস্ট্রিবিউশন হাউস খোলা দেখা যায়। সেখানে ক্যাশ কাউন্টারে লেনদেন চললেও এজেন্টদের টাকা সরবরাহ করা হয়নি বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় গ্রাহক ও ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয় বলে তার ধারণা।
বিকাশের আঞ্চলিক ব্যবস্থাপক মারুফ হাসান সজিব বলেন, কোনো এজেন্টের অ্যাকাউন্ট বন্ধ হয়নি। গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা অনেক অ্যাকাউন্টে লেনদেনের সমস্যা দেখা দিয়েছে। ঘন ঘন বড় অঙ্কের লেনদেন হওয়া হিসাবগুলো নজরদারিতে থাকায় এমনটি হতে পারে।
রকেটের এক আঞ্চলিক কর্মকর্তা জানান, অ্যাকাউন্ট বন্ধ রাখার বিষয়ে তারা সরকারি কোনো সিদ্ধান্ত পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছেন।
শহরের বড় বাজার, নতুন বাজার, ফলপট্টি ও মাছ বাজারের বিভিন্ন এজেন্ট পয়েন্টে বৃহস্পতিবার গ্রাহকদের ভোগান্তি দেখা যায়। পরিবারের খরচ, চিকিৎসা, পানি ও বিদ্যুৎ বিল এবং কৃষিকাজের জন্য টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়েন অনেকে।
এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানান, তার অ্যাকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা ছিল। বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে অ্যাকাউন্ট বন্ধের বার্তা পান। মাসের শেষ দিকে টাকা আটকে যাওয়ায় ধারদেনা করে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে হয়েছে তাকে।
শহরের এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে বার্তা দিয়ে তার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি এবং পরের দুই দিন লকডাউন থাকায় কবে আবার লেনদেন করতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
রাজশাহীতে পড়াশোনা করা ছেলের কাছে টাকা পাঠাতে পারছেন না বলে জানান এক নারী। অন্যদিকে এক বিকাশ এজেন্ট জানান, বৃহস্পতিবার তার দোকানে প্রায় ১০০ জন গ্রাহক এলেও লেনদেন করতে পেরেছেন মাত্র ১০ জন। তারাও অন্য জেলার বাসিন্দা।
গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক নেতা বলেন, সন্দেহজনক লেনদেনকারীদের হিসাব বন্ধ করার বিষয়ে আপত্তি নেই। তবে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অ্যাকাউন্ট বন্ধ থাকায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।




