শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রতিশ্রুতি ভেঙে উল্টো পথে সরকার!

আব্দুল হাকিম
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

শেয়ার করুন:

প্রতিশ্রুতি ভেঙে উল্টো পথে সরকার!
  • মেট্রোরেলে ব্যয় প্রায় আড়াই লাখ কোটি
  • নতুন মেট্রোরেলে দুই-তৃতীয়াংশ ঋণ
  • ঋণ পরিশোধে বাড়ছে চাপ
  • বেতন কাঠামোয় বাড়তি ব্যয় ১ লাখ ৫ হাজার কোটির চাপ
  • নতুন প্রকল্পে সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের
  • জনগণের প্রয়োজনে মেগা প্রকল্প বলছে সরকার

ক্ষমতায় গেলে কোনো মেগা প্রকল্প নেওয়া হবে না। বড় অবকাঠামো নির্মাণের নামে বিপুল অর্থ ব্যয়ের পরিবর্তে মানুষের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগ বাড়ানো হবে। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এমন প্রতিশ্রুতিই দেওয়া হয়েছিল। দলটির শীর্ষ নেতারা বলেছিলেন, অতীতে মেগা প্রকল্পের নামে বড় অঙ্কের দুর্নীতি হয়েছে। তাই রাষ্ট্রের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার বদলানো হবে। কিন্তু সরকার গঠনের পর সেই অবস্থান থেকে সরে এসে বড় ব্যয়ের প্রকল্প অনুমোদন ও নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

সরকারের সিদ্ধান্তে এরই মধ্যে পদ্মা ব্যারাজ, মেট্রোরেল ও পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির মতো প্রকল্প অনুমোদন পেয়েছে। শুধু এই তিন প্রকল্পেই ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২১ হাজার ৯১ কোটি ৪৯ লাখ টাকা। এর বাইরে মেট্রোরেলের দুটি পুরোনো প্রকল্পের সংশোধিত ব্যয় মিলিয়ে তিনটি মেট্রোরেল প্রকল্পের সম্মিলিত প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা। একই সময়ে ঢাকা-কুমিল্লা নতুন রেলপথ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে উড়াল এক্সপ্রেসওয়েতে রূপান্তরের মতো আরও বড় প্রকল্পের পরিকল্পনাও এগোচ্ছে।

নির্বাচনের আগে অঙ্গীকার, ক্ষমতায় এসে ভিন্ন সিদ্ধান্ত

বিএনপির পক্ষ থেকে মেগা প্রকল্প না নেওয়ার প্রতিশ্রুতি শুধু একবার দেওয়া হয়েছে তা নয়; ২০২৫ সালের ২৫ নভেম্বর দলটির স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, ‘আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না। মানুষের আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান, বিদেশে চাকরির সুযোগ, এসবই আমাদের অগ্রাধিকার।’

এরপর ২০২৫ সালের ১০ ডিসেম্বর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও একই অবস্থান তুলে ধরেন। তিনি বলেছিলেন, ‘মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি।’ রাষ্ট্রের অর্থ শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে ব্যয় করা হবে। নির্বাচনের আগে দেওয়া এই বক্তব্যগুলোতে বড় অবকাঠামো প্রকল্পের পরিবর্তে কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার কথা ছিল।

কিন্তু সরকার গঠনের পর একনেকের সিদ্ধান্তে বড় ব্যয়ের প্রকল্পের উপস্থিতি দেখা যাচ্ছে। চলতি বছরের ১৩ মে তৃতীয় একনেক সভায় ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজের প্রথম পর্যায়ের প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এরপর ১৬ সেপ্টেম্বর অনুমোদন পায় ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ের মেট্রোরেল লাইন-৫-এর দক্ষিণ অংশ। ৪ নভেম্বর অনুমোদন দেওয়া হয় ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি। এই তিন প্রকল্পের মোট ব্যয় ১ লাখ ২১ হাজার ৯১ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ একেকটি প্রকল্পের ব্যয়ই ৪০ হাজার কোটি টাকার বেশি।

একনেকের ওই সভায় মোট ৯টি প্রকল্পের জন্য ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে শুধু পদ্মা ব্যারাজের ব্যয়ই প্রায় ৯৪ শতাংশ। অর্থাৎ ওই সভায় অনুমোদিত মোট প্রকল্প ব্যয়ের বড় অংশ এক প্রকল্পেই বরাদ্দ হয়েছে।

২০২৬ সালের ২২ আগস্ট বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্কের এক মতবিনিময় সভায় এশীয় প্রবৃদ্ধি ইনস্টিটিউটের অধ্যাপক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি নজরুল ইসলাম প্রকল্পটির সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তোলেন।  তিনি বলেন, শুষ্ক মৌসুমে শাখা নদীগুলোতে ৬৯৮ কিউমেক পানি সরবরাহের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার মাত্র ৩০ শতাংশ আসবে ব্যারাজে সঞ্চিত পানি থেকে। বাকি পানির উৎস কী হবে? এ ছাড়া ২০১০ সাল পর্যন্ত নদীর প্রবাহের তথ্যের ভিত্তিতে সম্ভাব্যতা সমীক্ষা তৈরি করা হয়েছে কি না, হালনাগাদ তথ্য ছাড়া এত বড় প্রকল্পের সিদ্ধান্ত কতটা যৌক্তিক?

তিনি আরও বলেন, উজান ও ভাটির পানিপ্রবাহ, পলি জমা, বন্যা, নদীভাঙন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতার ওপর প্রকল্পটির সম্ভাব্য প্রভাবও পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা প্রয়োজন। তিনি প্রশ্ন তোলেন, বৈদেশিক ঋণের চাপ ও দেশের অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ৩৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়ন কতটা যুক্তিসংগত। 

তবে প্রকল্পসংশ্লিষ্ট সাবেক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান জানান, পর্যাপ্ত গবেষণা ও পর্যালোচনার পরই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। 

মেট্রোরেলের তিন প্রকল্প

পদ্মা ব্যারাজের পর বড় অঙ্কের বিনিয়োগের আরেকটি উদাহরণ মেট্রোরেল। ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর একনেকের সভায় গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল লাইন-৫-এর দক্ষিণ অংশ নির্মাণে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিলের ঋণ থেকে সংস্থানের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ নতুন এই প্রকল্পের মোট ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশই ঋণনির্ভর।

একই সভায় মেট্রোরেল লাইন-১ এবং লাইন-৫-এর উত্তর অংশের সংশোধিত ব্যয়ও অনুমোদন করা হয়। সংশোধনের পর লাইন-১-এর ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। লাইন-৫-এর উত্তর অংশের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। নতুন দক্ষিণ অংশসহ তিন প্রকল্পের সম্মিলিত ব্যয় দাঁড়ায় প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। তিন প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প শুধু লাইন-৫-এর দক্ষিণ অংশ। অন্য দুটি আগে অনুমোদিত প্রকল্পের সংশোধিত ব্যয়। মেট্রোরেল লাইন-১ ও উত্তর অংশের সম্মিলিত ব্যয় আগের অনুমোদিত পরিমাণ থেকে ১ লাখ ১০ হাজার ৪৪৩ কোটি ২৮ লাখ টাকা বেড়েছে। শতকরা হিসাবে বৃদ্ধি প্রায় ১১৭ দশমিক ৭৪ শতাংশ।

4

শিক্ষা খাতেও বড় বরাদ্দ

গত ৪ নভেম্বর একনেকের সভায় ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন দেওয়া হয়। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কর্মসূচিটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৩ হাজার ২০৩ কোটি ২৩ লাখ টাকা। বৈদেশিক ঋণ ও অনুদান থেকে আসার কথা ৭ হাজার ৮৮৭ কোটি ২৫ লাখ টাকা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য রয়েছে কর্মসূচিতে।

জানা গেছে, কর্মসূচির ৪৩৬ কোটি টাকার পরামর্শক প্যাকেজসহ কয়েকটি খাতের ব্যয় নিয়ে পরিকল্পনা কমিশন প্রশ্ন তুলেছিল। সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। অর্থাৎ প্রকল্প অনুমোদনের পর্যায়েই কিছু ব্যয় খাত নিয়ে প্রশ্ন উঠেছে। এত বড় কর্মসূচিতে পরামর্শক ব্যয়, প্রশিক্ষণ, অবকাঠামো ও শিক্ষা উপকরণ কেনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং ফলাফল পরিমাপের ব্যবস্থা থাকা জরুরি বলে মনে করে কমিশন।

অনুমোদনের বাইরেও বড় প্রকল্পের পরিকল্পনা

একনেকে অনুমোদিত বড় প্রকল্পের পাশাপাশি সরকারের পরিকল্পনায় রয়েছে আরও কয়েকটি ব্যয়বহুল অবকাঠামো প্রকল্প। এর মধ্যে ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে উল্লেখযোগ্য। প্রকল্প দুটি বাস্তবায়িত হলে অবকাঠামো খাতে সরকারের সম্ভাব্য ব্যয়ের পরিমাণ আরও বাড়বে।

ঢাকা-কুমিল্লা ৮১ কিলোমিটার উড়াল রেলপথ নির্মাণে প্রাথমিকভাবে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা ব্যয়ের হিসাব করা হয়েছে। প্রকল্পটি এখনো পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর্যায়ে রয়েছে। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম ২৩২ দশমিক ৭৬ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ৮৫০ কোটি ৪৬ লাখ টাকা। তবে প্রকল্পটির বিস্তারিত নকশা তৈরির কাজ এগোলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রাথমিক হিসাব অনুযায়ী, শুধু এই দুটি প্রকল্পেই সম্ভাব্য ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৫৫ হাজার ৭৫১ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে ঢাকা-কুমিল্লা রেলপথের ব্যয় ৮৩ হাজার ৯০১ কোটি টাকা এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের ব্যয় ৭১ হাজার ৮৫০ কোটি ৪৬ লাখ টাকা। অর্থাৎ একনেকে অনুমোদিত প্রকল্পের বাইরে পরিকল্পনাধীন এই দুই প্রকল্পের সম্ভাব্য ব্যয়ও দেড় লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

এছাড়া যাত্রাবাড়ী থেকে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত ২৩৩ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের বিস্তারিত নকশা তৈরি করা হয়েছে। তবে প্রকল্পটির চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। 

রাজস্ব ঘাটতি ও ঋণের চাপ

বড় প্রকল্পের ব্যয় নিয়ে আলোচনার পাশাপাশি সরকারের রাজস্ব পরিস্থিতিও বিবেচনায় নেওয়া জরুরি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। আদায় হয়েছে ৯২ হাজার ৫১৭ কোটি টাকা। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৭৯ কোটি টাকা। এই সময়ে আদায় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে মাত্র ১ দশমিক ৮৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর শেষে সরকারের নিট অভ্যন্তরীণ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ লাখ ৫৩ হাজার ৬৩৫ কোটি টাকা। আগের অর্থবছর শেষে এ পরিমাণ ছিল ১০ লাখ ২১ হাজার ৭৩০ কোটি টাকা। এক বছরে অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১ লাখ ৩১ হাজার ৯০৪ কোটি টাকা, যা প্রায় ১২ দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি।

বৈদেশিক ঋণের চিত্রও উদ্বেগের। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬ অনুযায়ী, ২০২৫ সালের শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪৩ কোটি ৮০ লাখ ডলার। ২০২৪ সালের তুলনায় তা বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ। এই হিসাবের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় খাতের বৈদেশিক ঋণ রয়েছে।

ঋণ পরিশোধের পরিমাণও বাড়ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ১৩৫ কোটি ১২ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। একই সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকৃত বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ডলার। অর্থাৎ এই তিন মাসে নতুন সহায়তা ছাড়ের তুলনায় ঋণ পরিশোধের পরিমাণ দ্বিগুণের বেশি।

প্রথম তিন মাসে ঋণের আসল পরিশোধ হয়েছে ৮৫ কোটি ৮৯ লাখ ডলার এবং সুদ পরিশোধ হয়েছে ৪৯ কোটি ২৩ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে আসল ও সুদ পরিশোধের পরিমাণ ছিল যথাক্রমে ৮১ কোটি ৭০ লাখ এবং ৪৬ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ ঋণের আসল ও সুদ দুই ক্ষেত্রেই ব্যয় বেড়েছে। অর্থনীতির ওপর চাপের বিষয়টি আরও স্পষ্ট হয় যখন দেখা যায়, একই সময়ে বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ কমেছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ৪৫০ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। চলতি অর্থবছরে তা ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে এবং ২০৩০ সাল নাগাদ বার্ষিক ঋণ পরিশোধ ৭০০ কোটি ডলার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। এই অর্থ ডলারে পরিশোধ করতে হয়।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নেও বড় অঙ্কের অর্থ প্রয়োজন হচ্ছে। নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় দাঁড়াবে ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। প্রায় ২৪ লাখ সামরিক ও বেসামরিক চাকরিজীবী এবং ৯ লাখ ২৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মচারী এর আওতায় আসবেন। বাড়তি ব্যয়ের চাপ সামলাতে সরকার ধাপে ধাপে বেতন ও ভাতা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।

5

যা বলছে সরকার

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বড় প্রকল্প নেওয়ার ক্ষেত্রে মেগা বা অমেগা বিবেচনার চেয়ে জনগণের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকির কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনের আগে বিএনপি জানিয়েছিল, সরকার বড় কোনো মেগা প্রকল্প নেবে না। কিন্তু মেট্রোরেলসহ একের পর এক বড় প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য না দিয়ে সরকার কোনো চাপের মুখে বা গোপনে অবস্থান পরিবর্তন করছে কি না।

জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘গোপনে বা কোনো চাপের কারণে তৈরি হচ্ছে না; একান্তই জনগণের প্রয়োজন থেকে প্রকল্প তৈরি হচ্ছে। মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা শহরের জন্য আর কী হতে পারে?’

তিনি বলেন, ঢাকায় মানুষের বর্তমান যাতায়াতের এক-তৃতীয়াংশও যদি মেট্রোরেল কিংবা ভূগর্ভস্থ রেলব্যবস্থার আওতায় আনা না যায়, তাহলে রাজধানীতে চলাচল করাই অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই প্রকল্পটি মেগা নাকি অমেগা, সেটি এখন খুব গুরুত্বপূর্ণ নয়। বরং ঢাকার যাতায়াতব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।

প্রাথমিক শিক্ষা খাতে বড় বরাদ্দের যৌক্তিকতা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় আর কী হতে পারে। এ খাতে প্রয়োজনীয় সবকিছু পূরণ করা সরকারের অগ্রাধিকার। এটি দেশেরও অগ্রাধিকার। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চটা করবে। বিষয়টি মেগা প্রকল্পের প্রশ্ন নয়।

যা বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞরা বলছেন, বড় অবকাঠামো প্রকল্প গ্রহণের আগে দেশের আর্থিক সক্ষমতা, ঋণ পরিশোধের সামর্থ্য এবং প্রকল্পের সম্ভাব্য সুফল যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি। চলমান প্রকল্পে বিপুল অর্থ ব্যয় হয়ে গেলে মাঝপথে কাজ বন্ধ রাখার কারণে প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। তাই প্রকল্পের প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন অগ্রগতি বিবেচনায় চলমান কাজ শেষ করার যৌক্তিকতা রয়েছে। তবে অতীতের বিনিয়োগের অজুহাতে নতুন করে বড় প্রকল্প নেওয়া বা ব্যয় বাড়ানোর সুযোগ তৈরি করা উচিত নয়।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরী ঢাকা মেইলকে বলেন, বড় অবকাঠামো প্রকল্পের পুরো সুবিধা পেতে হলে সেগুলো সম্পূর্ণ বাস্তবায়ন করতে হয়। মাঝপথে প্রকল্পের কাজ বন্ধ থাকলে বিপুল অর্থ ব্যয়ের পরও প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। এ কারণে চলমান মেগা প্রকল্পগুলো শেষ করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে নতুন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সরকারের আরও সতর্ক হওয়া উচিত।

তিনি বলেন, অনেক সময় বড় প্রকল্পের প্রাথমিক ব্যয় কম দেখানো হয়। পরে বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ব্যয় বাড়তে থাকে। বিদেশি ঠিকাদার ও দেশীয় স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠী এতে ভূমিকা রাখতে পারে। এ ধরনের পরিস্থিতি মেগা প্রকল্পকে একধরনের ফাঁদে পরিণত করে। কারণ, বিপুল অর্থ বিনিয়োগের পর প্রকল্প অসমাপ্ত থাকলে সেই বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত সুবিধা পাওয়া যায় না।

এই অর্থনীতিবিদ বলেন, চলমান প্রকল্পগুলোতে ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। সেগুলো বন্ধ করে দিলে বিনিয়োগের প্রত্যাশিত সুফল পাওয়া কঠিন হবে। তাই চলমান প্রকল্প শেষ করার পাশাপাশি নতুন প্রকল্প গ্রহণের আগে সরকারের আর্থিক সক্ষমতা ও ঋণ পরিশোধের চাপ বিবেচনায় নেওয়া জরুরি। বিশেষ করে বর্তমান সময়ে বিদেশি ঋণের শর্ত আগের তুলনায় কঠিন হওয়ায় প্রকল্পের অর্থায়ন ও ঋণ পরিশোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করতে হবে।

এএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর